আন্তর্জাতিক ডেস্ক
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন। এ সময় হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক ও অবাধ রাখার আহ্বান জানান তিনি।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, শি জিনপিং সৌদি যুবরাজকে বলেন চীন অবিলম্বে ও পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির পক্ষে অবস্থান নিয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের সমাধান রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনার মাধ্যমেই হওয়া উচিত বলে তিনি জোর দেন।
শি জিনপিং বলেন, “হরমুজ প্রণালি আন্তর্জাতিক নৌচলাচলের জন্য খোলা ও স্বাভাবিক থাকা জরুরি, কারণ এটি আঞ্চলিক দেশগুলোর পাশাপাশি বৈশ্বিক অর্থনীতির স্বার্থের সঙ্গে সরাসরি যুক্ত।”
এ সময় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি ইরানি জাহাজ আটক করার ঘটনায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা এবং সম্ভাব্য যুদ্ধবিরতি টিকে থাকা নিয়ে উদ্বেগ বেড়েছে বলে জানা গেছে।
এর আগে পাকিস্তানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানকে যুক্ত করার ক্ষেত্রে চীন ভূমিকা রেখেছিল বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছিলেন। তবে ওই আলোচনায় তখনও যুদ্ধবিরতি নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।
এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের “জোরপূর্বক ইরানি জাহাজ আটক” করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। একই সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
শি জিনপিং আরও বলেন, চীন মধ্যপ্রাচ্যের দেশগুলোকে তাদের ভবিষ্যৎ ও ভাগ্য নিজেদের হাতে রাখার অধিকার সমর্থন করে এবং দীর্ঘমেয়াদী আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠায় সহায়তা অব্যাহত রাখবে।
Leave a Reply