জেলা প্রতিনিধি
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা-এর দিনারপুর দাখিল মাদ্রাসা সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়ক এলাকায় আন্ডারপাস নির্মাণের দাবিতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে মাদ্রাসার ম্যানেজিং কমিটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। মানববন্ধনে সভাপতিত্ব করেন মাদ্রাসার সাবেক সুপার মাওলানা আব্দুস শহীদ ঘোরী। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী শেফু, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মোহিত চৌধুরী, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা আরিফুল হক এবং মাওলানা ইব্রাহিমসহ স্থানীয় বিশিষ্টজনরা।
বক্তারা বলেন, দিনারপুর দাখিল মাদ্রাসাসহ আশপাশে হাফিজিয়া মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয় ও একাধিক জামে মসজিদ থাকায় প্রতিদিন অসংখ্য শিক্ষার্থী ও সাধারণ মানুষকে ঝুঁকি নিয়ে মহাসড়ক পার হতে হয়। প্রায় ১৫টি গ্রামের মানুষ এই সড়ক ব্যবহার করায় দুর্ঘটনার আশঙ্কা সবসময় থেকেই যাচ্ছে। বিশেষ করে যানবাহনের অতিরিক্ত গতি এবং নিরাপদ পারাপারের অভাব পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলেছে।
তারা জোর দিয়ে বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং নিরাপদ চলাচল নিশ্চিত করতে দ্রুত সময়ের মধ্যে এখানে একটি আন্ডারপাস নির্মাণ অত্যন্ত জরুরি। পাশাপাশি প্রয়োজন হলে স্পিড ব্রেকার, জেব্রা ক্রসিং ও সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপনের দাবিও তোলেন বক্তারা।
মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন। কর্মসূচি থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানানো হয়।
Leave a Reply