তিস্তা নিউজ ডেস্ক:
সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে বিশেষ উদ্যোগ নিয়েছে US-Bangla Airlines। ঢাকা–চট্টগ্রাম–আবুধাবী–ঢাকা রুটে একটি বিশেষ ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে বেসরকারি এই এয়ারলাইন্সটি।
বুধবার (৪ মার্চ) প্রথম ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রাম হয়ে আবুধাবীর উদ্দেশ্যে রওয়ানা করবে। একই উড়োজাহাজ আবুধাবী থেকে স্থানীয় সময় রাত ১টা (৫ মার্চ) ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রয়োজনীয় অনুমোদন ও সমন্বয় শেষে জরুরি ভিত্তিতে এই ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আবুধাবী এয়ারপোর্ট অথরিটি সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইউএস-বাংলা এয়ারলাইন্স, ইতিহাদসহ কয়েকটি আন্তর্জাতিক এয়ারলাইন্সকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। এর ফলে আটকে পড়া যাত্রীরা দ্রুত দেশে ফেরার সুযোগ পাচ্ছেন।
উল্লেখ্য, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন গন্তব্যে আটকে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৮ জন ফ্লাইট ক্রুকেও দুবাই-ঢাকা বিশেষ ফ্লাইটে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইউএস-বাংলা জানিয়েছে, যেসব বাংলাদেশি নাগরিকের ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে অথবা শিগগিরই শেষ হতে যাচ্ছে, তাদের অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ দেওয়া হবে। টিকিট সংগ্রহ, ভ্রমণ নথিপত্র প্রস্তুত রাখা এবং নির্ধারিত সময়ের আগে বিমানবন্দরে উপস্থিত থাকার জন্য যাত্রীদের অনুরোধ জানানো হয়েছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, এই বিশেষ ফ্লাইটের মাধ্যমে প্রবাসীদের দুর্ভোগ কমবে এবং তারা নিরাপদে দেশে ফিরতে পারবেন।
Leave a Reply