1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
April 19, 2026, 6:33 pm

কেন্দ্রীয় শহীদ মিনারসহ সারাদেশে কঠোর নিরাপত্তা জোরদার করেছে র‍্যাব

Reporter Name
  • Update Time : Friday, February 20, 2026
  • 201 Time View

তিস্তা টিভি ডেস্কঃ

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে রাজধানী ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারসহ সারাদেশে ব্যাপক ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। র‍্যাবের মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান জানিয়েছেন, দিবসটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে উদযাপন নিশ্চিত করতে সর্বাত্মক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গৃহীত নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন র‍্যাব মহাপরিচালক। তিনি জানান, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে একটি শক্তিশালী নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।
র‍্যাব ডিজি বলেন, শহীদ মিনার এলাকাকে ইনার পেরিমিটার ও আউটার পেরিমিটার নির্ধারণ করে নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে। পুরো এলাকাকে কয়েকটি সেক্টরে ভাগ করে প্রতিটি সেক্টরে ফুট পেট্রোল, গাড়ি টহল এবং স্ট্রাইকিং রিজার্ভ রাখা হবে, যাতে যেকোনো পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।
নিরাপত্তা জোরদারে বোমা ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড এবং সাদা পোশাকে গোয়েন্দা সদস্য মোতায়েন থাকবে বলে জানান তিনি। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ৩ শতাধিক র‍্যাব সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় রাখা হয়েছে, যাতে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করা যায়।
শহিদুর রহমান আরও বলেন, “অতীতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে আইনশৃঙ্খলা বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। একটি সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজনেও বাহিনীগুলো সফলভাবে দায়িত্ব পালন করেছে। ভবিষ্যতেও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হবে।”
তিনি স্পষ্ট করে বলেন, দাবি আদায় বা আন্দোলনের নামে কোনো গোষ্ঠী সাধারণ জনগণকে জিম্মি করা কিংবা জনদুর্ভোগ সৃষ্টি করার চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্টের কোনো সুযোগ দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন র‍্যাব মহাপরিচালক।
সাধারণ মানুষের নিরাপদ চলাচল ও স্বাভাবিক জীবনযাত্রা নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “বর্তমানে কোনো সুনির্দিষ্ট নিরাপত্তা হুমকি নেই। তবে সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আমরা সর্বোচ্চ প্রস্তুত রয়েছি।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র‍্যাব ডিজি জানান, কেন্দ্রীয় শহীদ মিনার ছাড়াও সারাদেশে যেসব শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করা হবে, সেসব স্থানেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। দিবসটি শান্তিপূর্ণভাবে উদযাপনে আইনশৃঙ্খলা বাহিনী সর্বক্ষণ দায়িত্ব পালন করবে বলে আশ্বাস দেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV