নিজস্ব প্রতিনিধি,
বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বলেছেন, বাংলাদেশ বর্তমানে একটি কঠিন সময় অতিক্রম করছে। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের ফলে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের একটি বাস্তব সম্ভাবনা সৃষ্টি হয়েছে। তিনি মনে করেন, এই সুযোগ সঠিকভাবে কাজে লাগাতে পারলে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় ফিরে যেতে পারে।
স্থানীয় সময় ১১ জানুয়ারি ২০২৬ তারিখে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের আলেকজান্দ্রিয়ায় অবস্থিত ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ‘আসন্ন নির্বাচন-২০২৬ এবং নাগরিক সমাজের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আলোচনা সভার আয়োজন করে ইউএস বাংলাদেশ অ্যাডভোকেসি কাউন্সিল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান শামসুদ্দিন মাহমুদ এবং সঞ্চালনা করেন হাসান চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত ড্যান মজিনা। প্রধান বক্তা ছিলেন নিউ জার্সির মনমাউথ ইউনিভার্সিটির ডিন অধ্যাপক ড. গোলাম এম মাতবর।
ড্যান মজিনা তার বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরে ব্যক্তিকেন্দ্রিক শাসনের কারণে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা বাধাগ্রস্ত হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, নাগরিকদের সামনে এখন ব্যালটের মাধ্যমে নেতৃত্ব বেছে নেওয়ার একটি ঐতিহাসিক সুযোগ এসেছে। ভোটারদের ভয়ভীতি ও প্রলোভন উপেক্ষা করে স্বাধীনভাবে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকালে গণতন্ত্রের পক্ষে অবস্থান নেওয়ায় বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়ার কথাও স্মরণ করেন তিনি। জুলাই গণ-অভ্যুত্থানের ফলে গণতন্ত্র পুনরুদ্ধারের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে উল্লেখ করে বাংলাদেশের এই গণতান্ত্রিক যাত্রায় পাশে থাকার অঙ্গীকার করেন ড্যান মজিনা।
Leave a Reply