নিজস্ব প্রতিনিধি,
ভেনেজুয়েলার নোবেলজয়ী বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদোকে জরুরি বৈঠকের জন্য ডেকে পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী বৃহস্পতিবার হোয়াইট হাউসে এই হাই-প্রোফাইল বৈঠক অনুষ্ঠিত হবে, জানিয়েছে এএফপি।
সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন বাহিনীর হাতে অপহরণের পর থেকে মাচাদো কিছুটা কোণঠাসা হয়ে পড়েছিলেন। ট্রাম্প এই পরিস্থিতিতে তাকে ‘বিকল্প কার্ড’ হিসেবে ব্যবহার করছেন বলে বিশ্লেষকরা মনে করছেন। ৩ জানুয়ারি মাদুরো অপহৃত হওয়ার পর ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পান এবং ট্রাম্প প্রশাসন দ্রুতই তাকে সমর্থন জানায়। তবে মাচাদোর স্বেচ্ছায় নির্বাসন থেকে সক্রিয় হওয়ার ঘোষণার পর ওয়াশিংটন তাকে আলোচনার টেবিলে আমন্ত্রণ জানায়।
মাচাদোর সঙ্গে বৈঠকের ঘোষণার পর কারাকাস প্রশাসন নতুন করে ১১৬ জন রাজনৈতিক বন্দি মুক্তির ঘোষণা দিয়েছে, যদিও জাতিসংঘ জানিয়েছে মাত্র ৫০ জনই মুক্তি পেয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, যদি রদ্রিগেজ প্রশাসন মার্কিন স্বার্থের বিপরীত কোনো পদক্ষেপ নেয়, ট্রাম্প বিকল্প হিসেবে নোবেলজয়ী মাচাদোকে ক্ষমতায় বসানোর পথ খুলে রেখেছেন। বৃহস্পতিবারের বৈঠকের ফলাফলই নির্ধারণ করবে ভেনেজুয়েলার ভবিষ্যৎ নেতৃত্ব কার হাতে থাকবে।
Leave a Reply