নিজস্ব প্রতিনিধি,
ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য দেশগুলোর সার্বভৌমত্ব প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না বলে দৃঢ় অবস্থান তুলে ধরেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, আন্তর্জাতিক আইন, আঞ্চলিক অখণ্ডতা ও মুসলিম বিশ্বের ঐক্য রক্ষায় বাংলাদেশ ওআইসির সম্মিলিত অবস্থানের সঙ্গে সম্পূর্ণভাবে একাত্ম।
গতকাল শনিবার সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ওআইসির কাউন্সিল অব ফরেন মিনিস্টার্সের (সিএফএম) ২২তম বিশেষ অধিবেশনে তিনি এসব কথা বলেন। সোমালিয়ার একটি অঞ্চল সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি দেওয়া এবং এর ফলে সোমালিয়ার সার্বভৌমত্ব, ঐক্য ও আঞ্চলিক অখণ্ডতার ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনার জন্য এ জরুরি অধিবেশন আহ্বান করা হয়।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ইসরায়েলের এ ধরনের স্বীকৃতি আন্তর্জাতিক আইন পরিপন্থী এবং এটি আঞ্চলিক ও আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক। তিনি ওআইসির পক্ষ থেকে এই স্বীকৃতিকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান ও নিন্দা জানানোর আহ্বান জানান। একই সঙ্গে সোমালিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি পূর্ণ ও অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করার ওপর গুরুত্ব দেন।
তৌহিদ হোসেন আরও বলেন, ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব কোনোভাবেই আপসযোগ্য নয়। অবৈধ আলোচনা বা উদ্যোগ গ্রহণযোগ্য হতে পারে না এবং একতরফা সিদ্ধান্ত ও চাপের রাজনীতির পরিবর্তে ন্যায়বিচার, আন্তর্জাতিক আইন ও বহুপাক্ষিকতাই প্রাধান্য পাবে।
এর আগে শনিবার সকালে ওআইসির সদস্য দেশগুলোর প্রতিনিধিদের অংশগ্রহণে বিশেষ অধিবেশনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়, যেখানে ফিলিস্তিনি জনগণের প্রতি অব্যাহত সংহতি পুনর্ব্যক্ত করা হয়।
Leave a Reply