নিজস্ব প্রতিনিধি,
ইরানের চলমান সরকারবিরোধী বিক্ষোভ দমনে কঠোর ব্যবস্থা নেওয়া হলে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির বিরুদ্ধে চরম পদক্ষেপ নেওয়া হতে পারে—এমন হুঁশিয়ারি দিয়েছেন প্রভাবশালী মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম। স্থানীয় সময় মঙ্গলবার (৬ জানুয়ারি) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, নিজ জনগণের ওপর সহিংস দমন-পীড়ন চালানো হলে ট্রাম্প প্রশাসন সর্বোচ্চ নেতার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে পিছপা হবে না।
এই মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন অর্থনৈতিক সংকট ও মূল্যস্ফীতির কারণে ইরানজুড়ে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং ওয়াশিংটন তেহরানের ওপর চাপ বাড়াচ্ছে। গ্রাহাম ইরানি শাসকদের সতর্ক করে বলেন, উন্নত জীবনের দাবিতে রাস্তায় নামা সাধারণ মানুষের ওপর হামলা চালালে যুক্তরাষ্ট্র শক্ত প্রতিক্রিয়া দেখাবে। তিনি দাবি করেন, ইরানে চলমান পরিবর্তন মধ্যপ্রাচ্যের ইতিহাসে বড় মোড় নিতে পারে।
এর আগে ডোনাল্ড ট্রাম্পও বিক্ষোভকারীদের ওপর দমন চালানো হলে কঠোর জবাবের হুমকি দেন। তবে তেহরান এসব বক্তব্যকে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে প্রত্যাখ্যান করেছে। এদিকে ইরানের বিচার বিভাগ ও নিরাপত্তা বাহিনী কঠোর অবস্থানের ঘোষণা দিলেও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে দমন না চালানোর নির্দেশ দিয়েছেন। উত্তেজনাপূর্ণ এই পরিস্থিতিকে আন্তর্জাতিক বিশ্লেষকরা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর ঝুঁকি হিসেবে দেখছেন
Leave a Reply