নিজস্ব প্রতিনিধি,
পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় জনাকীর্ণ একটি মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। উত্তর-পূর্বাঞ্চলীয় বর্নো প্রদেশের মাইদুগুরির গাম্বোরু মার্কেট এলাকার মসজিদে সন্ধ্যায় নামাজের সময় এই হামলার ফলে অন্তত সাতজন নিহত হয়েছেন। পুলিশের মুখপাত্র নাহুম দাসো জানান, আহত হয়েছে আরও ৩৫ জন। তবে এখন পর্যন্ত কোনও গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণের পর মার্কেট এলাকায় ধুলো উড়ছে এবং মানুষজন আতঙ্কিত হয়ে ছুটোছুটি করছে। মসজিদের ইমাম মাওলানা আবুনা ইউসুফ অন্তত আটজনের মৃত্যুর কথা জানিয়েছেন। অন্যদিকে বাবাকুরা কলো নামে এক মিলিশিয়া নেতা নিহতের সংখ্যা সাত বলে নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শী মুসা ইউশাউ বহু আহতকে চিকিৎসার জন্য নিয়ে যেতে দেখেছেন।
মাইদুগুরি দীর্ঘদিন ধরে জঙ্গি সংগঠন বোকো হারাম ও আইএস–সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীর সহিংসতার কেন্দ্র। ২০০৯ সালে বর্নোতে ইসলামি খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে বোকো হারামের সশস্ত্র অভিযান শুরু হয়। বছরের পর বছর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলেও উত্তর-পূর্ব নাইজেরিয়ায় এখনও সহিংস হামলা হচ্ছে। জাতিসংঘের হিসেবে, ২০০৯ থেকে চলমান এই সংঘাতে অন্তত ৪০ হাজার মানুষ নিহত হয়েছে এবং প্রায় ২০ লাখ মানুষ ঘরছাড়া হয়েছে।
মাইদুগুরি শহর গত কয়েক বছরে তুলনামূলক শান্ত ছিল। তবে ২০২১ সালের পর এই মসজিদে হামলাকে সবচেয়ে বড় ঘটনা হিসেবে দেখা হচ্ছে। সাম্প্রতিক হামলা আবারও সহিংসতা বাড়ার আশঙ্কা তৈরি করেছে। বিস্ফোরণের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।
Leave a Reply