নিজস্ব প্রতিনিধি,
সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে একটি ঘাঁটিতে ড্রোন হামলার ঘটনায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর ছয় সদস্যের মরদেহ দেশে পৌঁছেছে।
শনিবার এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় নিহত সেনাদের মরদেহ। আন্তর্জাতিক ও আন্তঃসেনাবাহিনী সূত্রে জানানো হয়েছে, বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা ও অন্যান্য সদস্যরা।
আন্তবাহিনী জণসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, ২১শে ডিসেম্বর ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর নিহত সেনাদের মরদেহ তাদের নিজ নিজ এলাকায় দাফন করা হবে।
সুদানের আবেই এলাকায় গত ১৩ই ডিসেম্বর সংঘটিত এই হামলায় ছয় জন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হন। এছাড়াও আরও নয় জন আহত হন। আহতদের মধ্যে আট জন বর্তমানে কেনিয়ার নাইরোবিতে আগা খান ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের সকলের শারীরিক অবস্থা শঙ্কামুক্ত বলে আইএসপিআর জানিয়েছে।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাদের এই হতাহতের ঘটনায় দেশের নিরাপত্তা বাহিনী গভীরভাবে শোকাহত। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এটিকে শান্তিরক্ষা কার্যক্রমে সন্ত্রাসী হুমকির একটি সতর্কবার্তা হিসেবে উল্লেখ করেছেন। নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে নানা কর্মসূচি গ্রহণ করা হবে।
এই ঘটনা বাংলাদেশের শান্তিরক্ষা বাহিনীর সাহসিকতা ও আন্তর্জাতিক মিশনে অবদানকে আবারও স্মরণ করিয়ে দিয়েছে।
Leave a Reply