কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুর উপজেলার দূর্গম চরাঞ্চলে গোপন বৈঠক করে নাশকতার পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ নেতা বায়জিদ আলম (২৭)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ আগষ্ট) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দূর্গাপুর ইউনিয়নের গোড়াই পাঁচপীর এলাকা থেকে বায়জিদ আলমকে গ্রেপ্তার করা হয়। বায়জিদ ওই এলাকার আলমগীর হোসেনের ছেলে। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইউনিয়ন সাধারন সম্পাদক ছিলেন।
পুলিশ জানায়, উপজেলার দুর্গম চরাঞ্চল সাহেবের আলগা ইউনিয়নের নামাজের চরে গোপন বৈঠক করে ফ্যাসিস্ট আওয়ামীলীগের লিফলেট বিতরণ, বিশৃঙ্খলা ও নাশকতার পরিকল্পনা করছিলো বায়জিদসহ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের নেতাকর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছিলে বায়জিদসহ আওয়ামীলীগের নেতাকর্মীরা পালিয়ে যায়। পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। সেই মামলায় নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ নেতা বায়জিদকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply