উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় গোপন বৈঠকের মাধ্যমে নাশকতার পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট ছাত্রলীগ নেতা নাজমুল হক (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থেতরাই ইউনিয়নের থেতরাই বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার নাজমুল হক থেতরাই ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত এবং তিনি কিশোরপুর গ্রামের রবিউল আউয়ালের ছেলে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডে জড়িত থেকে নাশকতামূলক পরিকল্পনায় অংশ নিচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে।
উলিপুর থানা পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে অভিযুক্তকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে।









Leave a Reply