আন্তার্জাতিক ডেস্ক:
ইরানের সম্ভাব্য নতুন সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতবা খামেনির নাম সামনে আসায় অসন্তোষ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মোজতবা খামেনিকে ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে তিনি গ্রহণযোগ্য মনে করেন না।
ট্রাম্প বলেন, “খামেনির ছেলে আমার কাছে গ্রহণযোগ্য নয়। আমরা এমন একজন নেতাকে দেখতে চাই, যিনি ইরানে শান্তি ও স্থিতিশীলতা আনতে পারবেন।” তার দাবি, ইরানের নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অবস্থান ও স্বার্থকে উপেক্ষা করা হলে তা মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের ঝুঁকি তৈরি করতে পারে।
মার্কিন প্রেসিডেন্ট আরও সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ইরানের নতুন কোনো নেতা দীর্ঘদিন টিকে থাকতে পারবেন না। তার ভাষায়, “যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া নতুন নেতা বেশি দিন টিকবে না।”
বিশ্লেষকদের মতে, মোজতবা খামেনি দীর্ঘদিন ধরে ইরানের ক্ষমতাকাঠামোর ভেতরে প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত। তিনি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন এবং দেশের নিরাপত্তা ও রাজনৈতিক সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে ধারণা করা হয়।
এদিকে ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্বে থাকা ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, দেশটির নেতৃত্ব নির্বাচন সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয় এবং এতে বাইরের কোনো দেশের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়।
বিশ্লেষকরা মনে করছেন, মোজতবা খামেনির নেতৃত্বে ইরান আরও কঠোর নীতি গ্রহণ করতে পারে, যা যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে উত্তেজনা আরও বাড়াতে পারে।
Leave a Reply