নিজস্ব প্রতিনিধি,
উত্তেজনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ ইরানকে ধন্যবাদ জানিয়েছেন। ইরানে বিক্ষোভকারীদের বিরুদ্ধে নির্ধারিত মৃত্যুদণ্ড স্থগিতের ঘোষণা আসার পর ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে লিখেছেন, “গতকাল যেসব ফাঁসি কার্যকর হওয়ার কথা ছিল, ইরানের নেতৃত্ব সেগুলো বাতিল করেছে। ধন্যবাদ!” খবরটি প্রকাশ করেছে টিআরটি ওয়ার্ল্ড।
উপসাগরীয় চারটি দেশ তাকে ইরানে হামলা না চালানোর জন্য অনুরোধ জানিয়েছে এমন গুঞ্জন ছড়িয়েও পড়েছে। তবে ফ্লোরিডায় ছুটিতে থাকা ট্রাম্প সাংবাদিকদের বলেন, “আমাকে কেউ বোঝায়নি; আমি নিজেই নিজেকে বুঝিয়েছি।” তিনি আরও যোগ করেন, “তারা কাউকে ফাঁসি দেয়নি। ফাঁসির আদেশ বাতিল করেছে। এটাই হামলা না করার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে।”
এর আগে ১৫ জানুয়ারি হোয়াইট হাউস জানিয়েছিল, ইরানি কর্তৃপক্ষ নির্ধারিত ৮০০টি মৃত্যুদণ্ড কার্যকর ‘স্থগিত’ করেছে। যুক্তরাষ্ট্র পরিস্থিতি ‘নিবিড়ভাবে পর্যবেক্ষণ’ করছে। ট্রাম্প একাধিকবার ইরানের বিক্ষোভকারীদের পাশে থাকার অঙ্গীকার করেছেন এবং বলেছেন, দেশের কর্তৃপক্ষের দমনপীড়ণের ফলে হাজারো মানুষ হতাহত হয়েছে। যদিও হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা এখনও জানা যায়নি। কিছু মানবাধিকার সংস্থা তথ্য প্রকাশ করলেও তার বিশ্বাসযোগ্যতা নিয়ে বিতর্ক রয়েছে। ইরানি কর্মকর্তারা শুরু থেকেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে বিক্ষোভকারীদের উসকানি ও সহায়তার দায়ে অভিযুক্ত করেছেন।
Leave a Reply