নিজস্ব প্রতিনিধি,
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে দুই দিনের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। শনিবার (১৭ জানুয়ারি) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।
রিজভী জানান, ১৯ জানুয়ারি (সোমবার) সকাল ১১টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শেরেবাংলা নগরস্থ মাজারে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যসহ দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ ও ফাতিহা পাঠ করবেন। এদিন দলের চেয়ারম্যানকেও উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হবে। জন্মবার্ষিকী উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) একটি মেডিকেল ক্যাম্পও আয়োজন করবে।
বিএনপির দুই দিনের কর্মসূচির অংশ হিসেবে ২০ জানুয়ারি (মঙ্গলবার) সকাল ১১টায় কাকরাইলস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে, যেখানে দেশের বিশিষ্ট ব্যক্তি ও বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ বক্তব্য দেবেন।
রিজভী আরও জানান, ১৯ জানুয়ারি কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হবে। জেলা, মহানগর, উপজেলা ও থানা পর্যায়ের ইউনিটগুলো তাদের নিজস্ব উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করবে। এছাড়া পোস্টার প্রকাশ ও জাতীয় দৈনিক পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র ছাপার ব্যবস্থা করা হয়েছে।
Leave a Reply