নিজস্ব প্রতিনিধি,
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীসহ ১১ দলের মধ্যে আসন সমঝোতা বিষয়ে আজ যে চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা ছিল, তা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার (১৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে (দ্বিতীয় তলা) এ উপলক্ষে একটি যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
সংবাদ সম্মেলন স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং ১১ দলীয় আসন সমঝোতা জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, পূর্বনির্ধারিত সময় অনুযায়ী আজ বিকেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হলেও অনিবার্য কারণবশত তা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে কী কারণে সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে এবং কবে নতুন তারিখ ঘোষণা করা হবে—এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, জোটভুক্ত দলগুলোর মধ্যে আসন বণ্টন নিয়ে শেষ মুহূর্তের আলোচনা ও সমন্বয়ের প্রয়োজন দেখা দেওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ১১ দলীয় জোটের আসন সমঝোতা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। চূড়ান্ত ঘোষণার মাধ্যমে নির্বাচনী কৌশল স্পষ্ট হওয়ার কথা থাকলেও সংবাদ সম্মেলন স্থগিত হওয়ায় সেই অপেক্ষা আরও বাড়ল।
Leave a Reply