নিজস্ব প্রতিনিধি,
ইরানে হামলার সম্ভাবনা নিয়ে ‘সিরিয়াসলি’ ভাবছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে ইরানে কীভাবে হামলা চালানো যেতে পারে, সে বিষয়ে বিভিন্ন বিকল্প পরিকল্পনা তার সামনে তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন একাধিক মার্কিন কর্মকর্তা।
নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তারা ট্রাম্পকে সম্ভাব্য হামলার কৌশল ও লক্ষ্যবস্তু নিয়ে ব্রিফ করেছেন। যদিও এখনো হামলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ট্রাম্প, তবে বিষয়টি তিনি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা জানান, ইরানে কোথায় ও কীভাবে হামলা চালানো যেতে পারে—সে বিষয়ে একাধিক পরিকল্পনা দেওয়া হয়েছে, যার মধ্যে বেসামরিক স্থাপনায় হামলার সম্ভাবনাও রয়েছে।
এর আগে ওয়ালস্ট্রিট জার্নাল জানিয়েছিল, ট্রাম্প নির্দেশ দিলে ইরানের সামরিক অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালানো হতে পারে।
এদিকে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনে নিরাপত্তাবাহিনী কঠোর অবস্থান নিয়েছে। গত বৃহস্পতিবার রাতের তীব্র আন্দোলনের পর শুক্রবার ও শনিবারও হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেন। শুক্রবার রাতে বিক্ষোভকারীদের লক্ষ্য করে নির্বিচার গুলির ঘটনায় বহু হতাহতের খবর পাওয়া গেছে। বিবিসিকে তিনটি হাসপাতালের কর্মীরা জানিয়েছেন, নিহত ও আহতদের ভিড়ে হাসপাতালগুলো উপচে পড়েছে। বিক্ষোভে এ পর্যন্ত অন্তত ১৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন।
Leave a Reply