যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য নতুন আর্থিক শর্ত আরোপ করা হয়েছে। মার্কিন সরকারের হালনাগাদ ‘ভিসা বন্ড’ তালিকায় বাংলাদেশের নাম যুক্ত হওয়ায় নির্দিষ্ট ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত জামানত দিয়ে ভিসা নিতে হতে পারে। এই নিয়ম কার্যকর হবে আগামী ২১ জানুয়ারি থেকে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর ৬ জানুয়ারি ভিসা বন্ডের আওতাভুক্ত দেশের তালিকা হালনাগাদ করে, যেখানে বাংলাদেশসহ মোট ৩৮টি দেশের নাম রয়েছে। মূলত অস্থায়ী নন-ইমিগ্র্যান্ট ভিসা, বিশেষ করে বি১/বি২ (ব্যবসা ও পর্যটন) ভিসার ক্ষেত্রে এই বন্ড আরোপ করা হতে পারে। আবেদনকারী সব শর্ত পূরণ করলেও কনস্যুলার অফিসার তার ব্যক্তিগত প্রোফাইল ও ভ্রমণের উদ্দেশ্য বিবেচনায় ৫ হাজার, ১০ হাজার বা ১৫ হাজার ডলার জামানত নির্ধারণ করতে পারবেন।
এই অর্থ যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের ‘Pay.gov’ প্ল্যাটফর্মে জমা দিতে হবে। তবে লিখিত নির্দেশনা ছাড়া কোনো অর্থ জমা না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ভিসা বন্ড একটি পাইলট কর্মসূচির অংশ, যার উদ্দেশ্য ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অবৈধভাবে অবস্থান কমানো।
নির্ধারিত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করলে জামানত ফেরতযোগ্য হলেও মেয়াদ অতিক্রম বা ভিসার স্ট্যাটাস পরিবর্তনের ক্ষেত্রে তা বাজেয়াপ্ত হবে। বিশ্লেষকদের মতে, এতে বাংলাদেশিদের যুক্তরাষ্ট্র ভ্রমণ আরও ব্যয়বহুল ও জটিল হয়ে উঠবে।
Leave a Reply