নিজস্ব প্রতিনিধি,
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারাবন্দী অবস্থা নিয়ে অনিশ্চয়তা ও পরিবারকে সাক্ষাতের অনুমতি না দেওয়ায় উত্তেজনা আরও বেড়েছে। এরই মধ্যে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে ব্যাপক বিক্ষোভের ডাক দিয়েছে—যেখানে সরকার আগেই ১৪৪ ধারা জারি করে সব ধরনের সমাবেশ নিষিদ্ধ করেছে।
দলের নেতারা জানিয়েছেন, তারা প্রথমে ইসলামাবাদ হাইকোর্টের সামনে এবং পরে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের সামনে সমাবেশ করবে। তাদের অভিযোগ, ৯ নভেম্বরের পর থেকে ইমরান খানের পরিবার বা ঘনিষ্ঠ কেউই তার সঙ্গে দেখা করতে পারছেন না, যা তার স্বাস্থ্য নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে।
পিটিআই নেতা আসাদ কায়সার বলেন, আদালত ও কারাগার কর্তৃপক্ষ তাদের আবেদন উপেক্ষা করছে, তাই বাধ্য হয়েই বিক্ষোভের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত সপ্তাহে খাইবার পাখতুনখোয়া মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদিকেও ইমরান খানের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি।
অন্যদিকে সরকার দাবি করছে—ইমরান খান সুস্থ আছেন। তবে দুই শহরে কঠোর নিষেধাজ্ঞা জারির পরও পিটিআই বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। পেশোয়ার–ইসলামাবাদ মোটরওয়েতেও আন্দোলন ছড়িয়ে পড়তে পারে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
পিটিআই নেতাদের মতে, সরকারের দমন-পীড়ন ও নেতার সঙ্গে পরিবারের সাক্ষাৎ বন্ধ রাখা পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা আরও বাড়িয়ে তুলছে।
Leave a Reply