আন্তর্জাতিক ডেস্ক
বাংলাদেশসহ সাতটি দেশের নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ করতে নতুন উদ্যোগ নিয়েছে সৌদি আরব। পর্যটন খাতকে আরও গতিশীল করতে দেশটি পরীক্ষামূলকভাবে একটি সমন্বিত ভ্রমণ প্যাকেজ চালু করেছে, যার আওতায় ভ্রমণকারীরা একই সঙ্গে ফ্লাইট, হোটেল ও ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসার সুবিধা পাবেন।
শুক্রবার (১০ জুলাই) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, প্রাথমিক পর্যায়ে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিশর, জর্ডান, ইন্দোনেশিয়া ও মেক্সিকোর নাগরিকরা এই বিশেষ সুবিধার আওতায় থাকবেন। সৌদি পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, পর্যায়ক্রমে আরও বিভিন্ন দেশের নাগরিকদের জন্য কর্মসূচিটি সম্প্রসারণ করা হবে।
নতুন ব্যবস্থায় ভ্রমণকারীদের আলাদাভাবে ভিসার আবেদন করতে হবে না কিংবা সৌদি দূতাবাসে যাওয়ার প্রয়োজন হবে না। অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে সমন্বিত ভ্রমণ প্যাকেজ বুকিং করলেই রিটার্ন বিমান টিকিট, অনুমোদিত পর্যটন হোটেলে থাকার ব্যবস্থা এবং ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা একই প্রক্রিয়ায় সম্পন্ন হবে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বুকিং সম্পন্ন হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে ই-মেইলের মাধ্যমে ভিসা, ভ্রমণ বীমা এবং প্রয়োজনীয় ভ্রমণ-সংক্রান্ত নথি পাঠিয়ে দেওয়া হবে। বর্তমানে এই সেবা দেওয়ার অনুমোদন পেয়েছে রিজারভাল (Reserval) এবং আলমোসাফের (Almosafer) নামের দুটি ট্রাভেল এজেন্সি।
এই ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসার মেয়াদ হবে তিন মাস। ভিসাটি একবার প্রবেশের (Single Entry) জন্য বৈধ থাকবে এবং এর মাধ্যমে সৌদি আরবে সর্বনিম্ন দুই দিন থেকে সর্বোচ্চ ৮৮ দিন পর্যন্ত অবস্থান করা যাবে।
গালফ নিউজের তথ্য অনুযায়ী, একজন প্রাপ্তবয়স্ক ভ্রমণকারীর জন্য প্রথম দুই দিনের সর্বনিম্ন প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ হাজার সৌদি রিয়াল। এরপর প্রতিটি অতিরিক্ত দিনের জন্য আরও ১ হাজার সৌদি রিয়াল যোগ হবে। এছাড়া ভিসা ইস্যু ও ভ্রমণ বীমাসহ মোট ভিসা ফি রাখা হয়েছে ৪০২ দশমিক ২১ সৌদি রিয়াল।
ভ্রমণকারীরা চাইলে বুকিংয়ের সঙ্গে বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম, দর্শনীয় স্থান পরিদর্শন কিংবা ইভেন্টের টিকিটের মতো অতিরিক্ত সেবাও যুক্ত করতে পারবেন।
তবে এই প্যাকেজে মক্কা ও মদিনায় উমরাহ-সম্পর্কিত কোনো সেবা অন্তর্ভুক্ত থাকবে না। যদিও বৈধ ট্যুরিস্ট ভিসাধারীরা সৌদি আরবে প্রবেশের পর দেশটির প্রচলিত নিয়ম মেনে মক্কা ও মদিনাসহ অন্যান্য শহর ভ্রমণ করতে পারবেন।
এ ছাড়া কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে ফ্লাইট বা হোটেল বুকিং বাতিল হলে অর্থ ফেরত কিংবা বুকিং পরিবর্তনের বিষয়টি সংশ্লিষ্ট অনুমোদিত ট্রাভেল এজেন্সির নীতিমালা অনুযায়ী নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছে সৌদি পর্যটন মন্ত্রণালয়।
Leave a Reply