1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
July 8, 2026, 5:19 pm

দীর্ঘ অপেক্ষার পর রাফাহ সীমান্ত দিয়ে গাজায় ফিরছে ফিলিস্তিনিরা

Reporter Name
  • Update Time : Wednesday, July 8, 2026
  • 14 Time View

আন্তর্জাতিক ডেস্ক

মিশরের রাফাহ সীমান্ত হয়ে একদল ফিলিস্তিনি নিজেদের ভূখণ্ড গাজায় ফিরে গেছেন। দীর্ঘ প্রায় আড়াই বছর বিচ্ছিন্ন থাকার পর স্বজন ও প্রিয়জনদের কাছে ফিরে যাওয়ার এই মুহূর্ত ছিল আবেগে ভরা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, সীমান্তে পৌঁছানোর পর স্বজনরা ফুল, গান ও অশ্রুসিক্ত আলিঙ্গনের মাধ্যমে তাদের স্বাগত জানান।

জানা গেছে, ফিরে আসা ফিলিস্তিনিরা বাসে করে রাফাহ সীমান্তে পৌঁছান। সেখানে প্রয়োজনীয় যাচাই-বাছাই ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর তাদের গাজায় প্রবেশের সুযোগ দেওয়া হয়।

মিশরীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত এলাকায় প্রত্যাবর্তনকারীদের জন্য বিশেষ ব্যবস্থাপনা নেওয়া হয়েছে। মিশরের রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকেরা সরকারি সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে তাদের সহায়তা করছেন। তাদের মধ্যে জরুরি প্রয়োজনীয় সামগ্রী, পোশাক ও স্বাস্থ্যসুরক্ষা উপকরণ বিতরণ করা হচ্ছে। পাশাপাশি দীর্ঘদিনের যুদ্ধ ও বিচ্ছিন্নতার কারণে মানসিকভাবে বিপর্যস্ত শিশুদের জন্য মনোসামাজিক সহায়তার ব্যবস্থাও করা হয়েছে।

রাফাহ সীমান্তের মিশরীয় অংশে থাকা মানবিক সহায়তা দলগুলো পরিবারগুলোর সদস্যদের একত্রিত করতে সহায়তা করছে। একই সঙ্গে ফিরে আসা মানুষদের তাৎক্ষণিক প্রয়োজন মেটাতে খাবার, চিকিৎসা সহায়তা ও অন্যান্য জরুরি সেবা দেওয়া হচ্ছে।

এদিকে, চিকিৎসার জন্য গাজা থেকে নতুন করে আহত ও অসুস্থ ফিলিস্তিনিদের একটি দলকে গ্রহণের প্রস্তুতি নিচ্ছে মিশর। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ সীমান্ত এলাকায় একটি মেডিকেল পয়েন্ট স্থাপন করেছে। সেখানে রোগীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে প্রয়োজন অনুযায়ী অ্যাম্বুলেন্সে করে বিভিন্ন হাসপাতালে পাঠানোর ব্যবস্থা রাখা হয়েছে।

ফিরে যাওয়া ব্যক্তিদের মধ্যে ছিলেন যুদ্ধের সময় আহত হয়ে দীর্ঘদিন মিশরে চিকিৎসাধীন থাকা ষাটোর্ধ্ব এক নারী। নিজের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, দীর্ঘ আড়াই বছর পর স্বজনদের কাছে ফিরতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। তার ভাষায়, মানুষ পৃথিবীর যেখানেই থাকুক, শেষ পর্যন্ত নিজের ঘর ও জন্মভূমিতেই ফিরে আসতে চায়।

রাফাহ সীমান্ত দিয়ে ফিলিস্তিনিদের এই প্রত্যাবর্তন যুদ্ধের কারণে বিচ্ছিন্ন হয়ে পড়া পরিবারগুলোর পুনর্মিলনের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV