তিস্তা টিভি ডেস্ক
আগামী শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। বই ছাপানোর কাজে কাগজ সরবরাহের জটিলতা এড়াতে দেশের স্বনামধন্য পেপার মিলগুলোর সঙ্গে মুদ্রণ প্রতিষ্ঠানগুলোর (প্রিন্টার) আনুষ্ঠানিক চুক্তি করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (৬ জুলাই) বিকেলে কাগজ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর মালিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, প্রতিবছর পাঠ্যবই ছাপানোর শেষ সময়ে কাগজের সংকট, দাম বৃদ্ধি এবং সরবরাহ নিয়ে নানা ধরনের সমস্যার সৃষ্টি হয়। এসব জটিলতার স্থায়ী সমাধানে এবার আগেভাগেই পেপার মিল মালিকদের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।
তিনি জানান, পেপার মিল মালিকরা সরকারকে আশ্বস্ত করেছেন যে নির্ধারিত বাজারমূল্য এবং নির্ধারিত জিএসএম (কাগজের পুরুত্ব বা গ্রামেজ) অনুযায়ী প্রয়োজনীয় কাগজ সরবরাহ করা হবে। ফলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)-এর প্রায় ৩০ কোটি পাঠ্যবই ছাপানোর জন্য প্রয়োজনীয় কাগজ সরবরাহে কোনো সংকট হবে না।
মন্ত্রী বলেন, ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে। এ লক্ষ্য পূরণে পেপার মিল মালিক, প্রেস মালিক এবং সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, অনেক সময় পেপার মিল ও মুদ্রণ প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের অভাবের কারণে কাগজ সরবরাহ নিয়ে জটিলতা তৈরি হয়। এ সমস্যা দূর করতে এবার উভয় পক্ষের মধ্যে লিখিত চুক্তির ব্যবস্থা করা হবে।
চুক্তিতে কোন পেপার মিল থেকে কত মেট্রিক টন কাগজ নেওয়া হবে, কাগজের মান, জিএসএম এবং সরবরাহের সময়সূচিসহ বিস্তারিত তথ্য উল্লেখ থাকবে বলে জানান শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, ‘কাজের কোথাও কোনো ত্রুটি থাকলে তা শনাক্ত করা হবে। কেউ দায়িত্বে অবহেলা করলে বা অনিয়ম করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকবে।’
শিক্ষামন্ত্রী আরও জানান, শিগগিরই দেশের প্রেস মালিকদের সঙ্গে পৃথক বৈঠক করা হবে। পাশাপাশি বাজারে কাগজের মূল্য ও সরবরাহ পরিস্থিতি যাচাই করতে সংশ্লিষ্টদের সরেজমিনে পেপার মিল পরিদর্শনের সুযোগ রয়েছে বলেও জানান তিনি।
বৈঠকে অংশ নেওয়া পেপার মিল মালিকদের প্রতিনিধিরা জানান, পাঠ্যবইয়ের জন্য প্রয়োজনীয় কাগজের মান নির্ধারণে তাদের মতামত নেওয়া হয়েছে। তারা শিক্ষার্থীদের জন্য মানসম্মত বই তৈরিতে সরকারকে সহযোগিতা করার আশ্বাস দেন।
তাদের পক্ষ থেকে জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে ভালো মানের কাগজ সরবরাহ নিশ্চিত করতে পেপার মিলগুলো প্রস্তুত রয়েছে।
Leave a Reply