তিস্তা টিভি ডেস্ক
প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের বেতনের একটি অংশ—১০ শতাংশ—প্রতিমাসে সরকারি কোষাগারে ফেরত দিচ্ছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মুক্তিযোদ্ধা সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে মন্ত্রিসভার সদস্যদেরও এ উদ্যোগ অনুসরণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
সোমবার (৬ জুলাই) রাজধানীতে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সম্প্রতি এক বৈঠকে প্রধানমন্ত্রী বিনয়ের সঙ্গে মন্ত্রীদের উদ্দেশে নিজের এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, তাঁর বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিমাসে বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফেরত দিতেন, যা দরিদ্র জনগণের কল্যাণে ব্যবহার করা হতো। সেই অনুকরণে তিনি নিজেও প্রতি মাসে বেতনের ১০ শতাংশ, অর্থাৎ ১১ হাজার ৫০০ টাকা সরকারি তহবিলে জমা দিচ্ছেন।
মন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী মন্ত্রীদেরও অনুরোধ করেছেন—যদি সম্ভব হয়, তারাও যেন তাদের বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফেরত দেন।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী দেশের স্বাস্থ্যসেবার বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলেন। তিনি বলেন, দেশে চিকিৎসা খাতে বাণিজ্যিক প্রবণতা বেড়ে গেছে, ফলে অনেক ক্ষেত্রে রোগীদের অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এতে মা ও শিশুর স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।
তিনি অভিযোগ করেন, কিছু ক্লিনিক ও দালালচক্র গর্ভবতী নারীদের ভয় দেখিয়ে অস্ত্রোপচারে বাধ্য করছে, যদিও অনেক ক্ষেত্রে স্বাভাবিক প্রসব সম্ভব। চিকিৎসকদের প্রতি মানুষের আস্থা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেও তিনি মন্তব্য করেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, মাতৃস্বাস্থ্য ও শিশুপুষ্টি নিশ্চিত করতে দক্ষ মিডওয়াইফদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের প্রতিটি এলাকায় এই সেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে।
তিনি আরও জানান, স্বাস্থ্যখাতে প্রায় এক লাখ নতুন জনবল নিয়োগের পরিকল্পনা রয়েছে, যার মধ্যে বড় অংশই নারী এবং মিডওয়াইফ হিসেবে কাজ করবেন। পাশাপাশি আগামী শনিবারের মধ্যে দেশের সব বেসরকারি ক্লিনিকে বাধ্যতামূলকভাবে লেবার রুম স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে; অন্যথায় লাইসেন্স বাতিল করা হবে বলেও সতর্ক করেন তিনি।
সভায় বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি ও নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply