আন্তর্জাতিক ডেস্ক
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রথম জানাজা রোববার (৫ জুলাই) তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় অনুষ্ঠিত হয়। তবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না তার ছেলে ও দেশটির বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তার অনুপস্থিতিকে কেন্দ্র করে দেশজুড়ে শুরু হয়েছে নানা আলোচনা ও জল্পনা।
জানাজায় খামেনির অপর তিন ছেলে—মাসউদ, মোস্তফা ও মেইসাম উপস্থিত ছিলেন। এছাড়া প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, রেভল্যুশনারি গার্ডসের শীর্ষ কর্মকর্তা এবং সরকারের উচ্চপদস্থ ব্যক্তিরাও অংশ নেন।
মোজতবা খামেনির অনুপস্থিতির কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে বিভিন্ন মহলে গুঞ্জন রয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় তার বাবার সঙ্গে তিনিও আহত হয়েছিলেন। যদিও এ বিষয়ে ইরানি কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি।
খামেনির শেষ বিদায় উপলক্ষে ইরানজুড়ে এক সপ্তাহের শোক কর্মসূচি পালন করা হচ্ছে। ইরানি কর্তৃপক্ষের দাবি, এসব আয়োজনে বিপুলসংখ্যক মানুষ অংশ নেবেন। রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে ইরান ও ইসরাইলের মধ্যে নাজুক যুদ্ধবিরতি বহাল থাকলেও পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ। এমন অবস্থায় মোজতবা খামেনির প্রকাশ্যে না আসা এবং জানাজায় অনুপস্থিতি নিয়ে নতুন করে নানা জল্পনা তৈরি হয়েছে।
Leave a Reply