1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
July 5, 2026, 5:35 pm

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় যুক্তরাষ্ট্র: মার্কিন রাষ্ট্রদূত

Reporter Name
  • Update Time : Sunday, July 5, 2026
  • 17 Time View

আন্তর্জাতিক ডেস্ক

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যকার সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি বলেন, দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সাংস্কৃতিক বিনিময় বাড়ানো এখন সময়ের দাবি।

শনিবার রাজধানীর বিচারপতি সাহাবুদ্দিন আহমদ পার্কে মার্কিন দূতাবাস আয়োজিত “আমেরিকান ফেয়ার ইন দ্য পার্ক” অনুষ্ঠান পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত “আমেরিকা সপ্তাহ” কর্মসূচির অংশ হিসেবে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠান পরিদর্শনের সময় রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাতসহ বিভিন্ন আমন্ত্রিত অতিথি।

রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, যুক্তরাষ্ট্রের ২৫০ বছরের ইতিহাস শুধু একটি দেশের ইতিহাস নয়; এটি এমন এক যাত্রা, যা বিশ্বের বহু মানুষকে অনুপ্রাণিত করেছে। গণতন্ত্র, স্বাধীনতা ও মানবাধিকারের মূল্যবোধ বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভূমিকার কথাও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, “আমরা চাই আমাদের ইতিহাস, আদর্শ এবং মূল্যবোধ বাংলাদেশের জনগণের কাছে আরও ভালোভাবে পৌঁছে দিতে। একইসঙ্গে বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য ও জনগণকে আরও গভীরভাবে জানার সুযোগ তৈরি করতে চাই।”

রাষ্ট্রদূত জানান, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস এবং ২৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দেশটির ইতিহাস, সংস্কৃতি ও মূল্যবোধ জনসমক্ষে তুলে ধরা হচ্ছে। এসব আয়োজন দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আয়োজিত “আমেরিকান ফেয়ার ইন দ্য পার্ক” অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারা তুলে ধরা হয়, যা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV