তিস্তা টিভি ডেস্ক
রাজধানীর চকবাজারে খাজা মার্কেটের আশিক টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
শনিবার (৪ জুলাই) দুপুর দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের তথ্যমতে, দুপুর ১টা ৩৪ মিনিটে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে রওনা হয় উদ্ধারকারী দল।
প্রাথমিকভাবে লালবাগ ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে আরও চারটি ইউনিট যোগ দেওয়া হয়। বর্তমানে মোট ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
জানা গেছে, পাঁচতলা ভবনটির তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। আগুন ছড়িয়ে পড়া ঠেকাতে ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত অভিযান পরিচালনা করছেন।
এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য জানানো হয়নি।
ফায়ার সার্ভিসের মোবিলাইজিং অফিসার খালেদা ইয়াছমিন বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম অব্যাহত থাকবে। আগুন নিয়ন্ত্রণে এলে তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।
Leave a Reply