1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
July 1, 2026, 3:21 pm

ডিজিটাল যুগে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সাইবার নিরাপত্তা: তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : Wednesday, July 1, 2026
  • 26 Time View

তিস্তা টিভি ডেস্ক

প্রযুক্তিনির্ভর বিশ্বে নিরাপত্তার ধরন দ্রুত বদলে যাচ্ছে। বর্তমান বাস্তবতায় শুধু সীমান্ত পাহারা বা স্থাপনা রক্ষাই যথেষ্ট নয়, বরং দেশের তথ্যভাণ্ডার ও ডিজিটাল অবকাঠামোকে সাইবার হামলা থেকে সুরক্ষিত রাখাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বুধবার (১ জুলাই) রাজধানীর খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে আয়োজিত ‘প্রান্তিক কণ্ঠস্বর’ নামে নতুন মিডিয়া সেলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিশ্বজুড়ে নিরাপত্তা ব্যবস্থার ধারণায় বড় পরিবর্তন এসেছে। অতীতে যেখানে প্রতিষ্ঠানের ভৌত নিরাপত্তা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখন সেখানে ডিজিটাল তথ্য, সার্ভার ও কম্পিউটার নেটওয়ার্ক সুরক্ষিত রাখাই অগ্রাধিকার। হ্যাকারদের আক্রমণ প্রতিহত করতে না পারলে রাষ্ট্রীয় ও আর্থিক নিরাপত্তা বড় ঝুঁকির মুখে পড়তে পারে।

তিনি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা উল্লেখ করে বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কীভাবে একটি দেশের অর্থনৈতিক নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে, সেই ঘটনার মধ্য দিয়ে তা স্পষ্ট হয়েছে। তাই সাইবার নিরাপত্তাকে জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করতে হবে।

জহির উদ্দিন স্বপন বলেন, প্রযুক্তির পরিবর্তন অত্যন্ত দ্রুত ঘটছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে দক্ষ জনবল তৈরি, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং ডিজিটাল জ্ঞান অর্জনের বিকল্প নেই। সময়ের সঙ্গে নিজেকে হালনাগাদ করতে না পারলে ব্যক্তি ও প্রতিষ্ঠান—উভয়ই পিছিয়ে পড়বে।

তিনি আরও বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রায় ৬০ লাখ সদস্যকে আধুনিক প্রযুক্তি ও তথ্য ব্যবস্থাপনায় সম্পৃক্ত করার উদ্যোগ সময়োপযোগী। ‘প্রান্তিক কণ্ঠস্বর’ প্ল্যাটফর্মের মাধ্যমে সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ও জনসচেতনতামূলক তথ্য দেশের প্রত্যন্ত অঞ্চলেও দ্রুত পৌঁছে দেওয়া সম্ভব হবে।

মন্ত্রী আশা প্রকাশ করেন, এই ডিজিটাল প্ল্যাটফর্ম ভবিষ্যতে সরকারি তথ্যপ্রবাহকে আরও কার্যকর করবে এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানও এমন প্রযুক্তিনির্ভর যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে উৎসাহিত হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। সভাপতিত্ব করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ. এম. সাজ্জাদ মাহমুদ। এছাড়া বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

বক্তারা বলেন, ডিজিটাল যুগে তথ্যপ্রযুক্তির নিরাপদ ব্যবহার নিশ্চিত করা এবং সাইবার হুমকি মোকাবিলায় রাষ্ট্রীয় সক্ষমতা বাড়ানোই ভবিষ্যতের অন্যতম বড় অগ্রাধিকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV