তিস্তা টিভি ডেস্ক
দেশের প্রশাসনিক কাঠামো আরও কার্যকর ও জনসেবামুখী করতে তিনটি নতুন উপজেলা এবং একটি নতুন থানা গঠনের অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। একই সঙ্গে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পের কিছু এলাকা ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
বুধবার (১ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত নিকারের ১২১তম সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান।
অনুমোদিত নতুন উপজেলাগুলোর মধ্যে রয়েছে চট্টগ্রামে ফটিকছড়ি উত্তর, কুমিল্লায় বাঙ্গরা এবং ময়মনসিংহে পাগলা উপজেলা। পাশাপাশি চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাকে পুনর্বিন্যাস করে হালদা নামে একটি নতুন থানা গঠনেরও অনুমোদন দেওয়া হয়েছে।
নিকার সূত্রে জানা যায়, ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে গঠিত হবে ফটিকছড়ি উত্তর উপজেলা। কুমিল্লার মুরাদনগর উপজেলার একটি অংশ নিয়ে গড়ে তোলা হবে বাঙ্গরা উপজেলা। অন্যদিকে গফরগাঁও উপজেলার পাগলা থানার আওতাধীন আটটি ইউনিয়ন নিয়ে প্রতিষ্ঠা করা হবে পাগলা উপজেলা।
এ ছাড়া রাজধানীর সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পের গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলার অন্তর্ভুক্ত অংশ প্রশাসনিকভাবে ঢাকা জেলার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এ পদক্ষেপ বাস্তবায়িত হলে নগর ব্যবস্থাপনা, সেবা প্রদান এবং উন্নয়ন কার্যক্রম আরও সমন্বিতভাবে পরিচালনা করা সম্ভব হবে।
সরকারি কর্মকর্তারা বলছেন, নতুন উপজেলা ও থানা গঠনের মাধ্যমে স্থানীয় জনগণের প্রশাসনিক সেবা আরও সহজলভ্য হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা, ভূমি ব্যবস্থাপনা, শিক্ষা, স্বাস্থ্য এবং স্থানীয় উন্নয়ন কার্যক্রমে গতি আসবে।
সভায় স্থানীয় সরকার, স্বরাষ্ট্র, অর্থ, আইন, বাণিজ্য, সড়ক পরিবহন ও গৃহায়নসহ বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply