1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
June 29, 2026, 5:51 pm

আদালতের আদেশে ফের ৩ দিনের রিমান্ডে সাবেক এমপি আশিকা সুলতানা

Reporter Name
  • Update Time : Monday, June 29, 2026
  • 21 Time View

তিস্তা টিভি ডেস্ক

রাজধানীর মিরপুর থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য আশিকা সুলতানার আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৯ জুন) ঢাকার মহানগর হাকিম সারাহ ফারজানা হকের আদালতে তাকে হাজির করে নতুন করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত পাঁচ দিনের পরিবর্তে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী শাহাবুদ্দিন রাজু।

আদালত সূত্রে জানা গেছে, এর আগে গত বৃহস্পতিবার (২৬ জুন) রাতে রাজধানীর মিরপুরের সাড়ে ১১ নম্বর এলাকা থেকে আশিকা সুলতানাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরদিন তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। সেই রিমান্ড শেষে সোমবার আবারও তাকে আদালতে তোলা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন হোসেন তদন্তের স্বার্থে আরও পাঁচ দিনের রিমান্ড প্রয়োজন বলে আদালতে আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ডের বিরোধিতা করে জামিনের আবেদন জানান এবং অভিযোগ করেন, তদন্তে সহযোগিতার জন্য রিমান্ডের প্রয়োজন নেই। উভয় পক্ষের শুনানি শেষে আদালত দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

মামলার এজাহার অনুযায়ী, গত ১৯ জুন রাজধানীর মিরপুর-১ নম্বর এলাকায় এপেক্স ও বাটা শোরুমসংলগ্ন সড়কে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৪০ থেকে ৫০ জন নেতাকর্মী সরকারবিরোধী মিছিল করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা ব্যানার, ফেস্টুন ও অন্যান্য সামগ্রী ফেলে দ্রুত সরে যান।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ এবং অন্যান্য ডিজিটাল তথ্য বিশ্লেষণ করে পুলিশ দাবি করে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওই মিছিলের আয়োজন করা হয়েছিল। ঘটনার পর পুলিশ বাদী হয়ে মিরপুর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে।

তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, মিছিলের সংগঠক, অর্থায়ন, পরিকল্পনা এবং এতে কারা জড়িত ছিলেন—এসব বিষয়ে তথ্য সংগ্রহের জন্য আশিকা সুলতানাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলার তদন্ত এখনও চলমান রয়েছে এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV