1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
June 28, 2026, 3:03 pm

হরমুজ ইস্যুতে কড়া অবস্থানে ইরান, হুঁশিয়ারি আরাগচির

Reporter Name
  • Update Time : Sunday, June 28, 2026
  • 18 Time View

আন্তর্জাতিক ডেস্ক

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নৌ-পরিচালনায় কোনো ধরনের বাইরের হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে এবং প্রণালিটি স্বাভাবিক অবস্থায় ফেরানোর প্রক্রিয়াও বিলম্বিত হতে পারে বলে সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

ইরাকের রাজধানী বাগদাদে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসাইনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, হরমুজ প্রণালি সংক্রান্ত নৌ-নিরাপত্তা ও ব্যবস্থাপনার সিদ্ধান্ত সম্পূর্ণভাবে ইরানের সার্বভৌম এখতিয়ারভুক্ত বিষয়। এ বিষয়ে কোনো বিদেশি চাপ বা হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয় বলেও তিনি স্পষ্ট করে জানান। তার মতে, কোনো পক্ষ যদি নতুন কোনো কাঠামো বা ব্যবস্থা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তাহলে তা সমাধানের বদলে সংকট আরও গভীর করবে।

আরাগচি আরও জানান, মার্কিন ও ইসরায়েলি সাম্প্রতিক উত্তেজনা ও সংঘাতের পর এটিই তার প্রথম ইরাক সফর। তিনি বলেন, এই সফরটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন আঞ্চলিক পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। ইরানের বিরুদ্ধে হামলার ঘটনায় ইরাক সরকারের অবস্থান ও সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সফরের উদ্দেশ্য ব্যাখ্যা করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এর মূল লক্ষ্য ছিল ইরাকের প্রতি কৃতজ্ঞতা জানানো, নতুন ইরাকি সরকারের প্রতি শুভেচ্ছা জানানো এবং নাজাফ, কারবালা, সামাররা ও কাজিমিয়ায় আয়োজিত আয়াতুল্লাহ আলী খামেনির স্মরণ ও জানাজা-সংক্রান্ত আনুষ্ঠানিকতার সমন্বয় নিয়ে আলোচনা করা।

দ্বিপাক্ষিক সম্পর্কের প্রসঙ্গে তিনি জানান, ইরান ও ইরাকের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করার বিষয়েও আলোচনা হয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালি এবং লেবাননের পরিস্থিতি নিয়েও তিনি ইরাকি পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন।

আরাগচি দাবি করেন, একটি পারস্পরিক সমঝোতার ভিত্তিতে আগামী ৩০ দিনের মধ্যে হরমুজ প্রণালির পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে এবং এ পুরো প্রক্রিয়ার দায়িত্ব থাকবে ইরানের হাতে। তবে তিনি আবারও জোর দিয়ে বলেন, এই বিষয়ে অন্য কোনো দেশ বা আন্তর্জাতিক সংস্থার হস্তক্ষেপের কোনো সুযোগ নেই।

তিনি আরও বলেন, আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে বহিরাগত শক্তির প্রভাবমুক্ত একটি নতুন নিরাপত্তা কাঠামো গড়ে তোলা জরুরি। এ লক্ষ্যে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের দেশগুলোর সঙ্গে ইরান ও ইরাককে অন্তর্ভুক্ত করে আঞ্চলিক সংলাপের যে উদ্যোগ ইরাক প্রস্তাব করেছে, তেহরান তা ইতিবাচকভাবে দেখছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV