মোঃ এমদাদুল হক, তিস্তা ডেস্ক
নীলফামারীর জলঢাকায় আধুনিক, টেকসই ও পুষ্টিসমৃদ্ধ কৃষি ব্যবস্থার বিকাশে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী এ জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) প্রকল্পের আওতায় আয়োজিত এই কংগ্রেসে কৃষির আধুনিকায়ন, পুষ্টি উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিতে উদ্যোক্তা সৃষ্টির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জান্নাতুল ফেরদৌস হ্যাপির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জলঢাকা উপজেলা কৃষি অফিসার মো. মিজানুর রহমান।
কংগ্রেসে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জলঢাকা উপজেলা শাখার আমির মোখলেসুর রহমান মাস্টার, জামায়াতে ইসলামীর নীলফামারী জেলা সুরা সদস্য ও মিডিয়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অধ্যাপক ছাদের হোসেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নীলফামারী জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য রশিদুল ইসলাম বাঙালি।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলঢাকা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান, সাধারণ সম্পাদক শাহজাহান কবির লেলিনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকবৃন্দ, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক কৃষক-কৃষাণী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের কৃষিখাতের আধুনিকায়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন উদ্যোক্তা তৈরিতে ‘পার্টনার’ প্রকল্প অত্যন্ত সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জলবায়ু সহনশীল ও টেকসই কৃষি ব্যবস্থার মাধ্যমে প্রান্তিক কৃষকদের জীবনমান উন্নয়ন এবং কৃষিকে আরও লাভজনক খাতে রূপান্তর করা সম্ভব।
বক্তারা আরও বলেন, কৃষকদের আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করে উৎপাদনশীলতা বৃদ্ধি, পুষ্টিকর খাদ্য উৎপাদন এবং বাজারমুখী কৃষি ব্যবস্থার বিকাশ ঘটানোই এই প্রকল্পের মূল লক্ষ্য। এর মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধি ও গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব হবে।
অনুষ্ঠানের শেষ পর্বে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত প্রান্তিক কৃষকদের মাঝে উন্নত মানের বীজ ও বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করেন।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত কংগ্রেসে কৃষির উন্নয়ন ও টেকসই গ্রামীণ অর্থনীতি গড়ে তোলার বিষয়ে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যায়।
Leave a Reply