কলাগাছ ও পচা সবজি দিয়ে নতুন উদ্ভাবন: তরুণকে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী
Reporter Name
Update Time :
Sunday, June 14, 2026
18 Time View
তিস্তা টিভি ডেস্ক
মৌলভীবাজারের তরুণ উদ্ভাবক ও শিক্ষার্থী সাজ্জাদুল ইসলাম পরিবেশবান্ধব প্রযুক্তিনির্ভর একাধিক উদ্ভাবন নিয়ে জাতীয় পর্যায়ে প্রশংসা অর্জন করেছেন। তার তৈরি দেশীয় কাঁচামালনির্ভর এসব প্রযুক্তি পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করছে বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা।
রোববার (১৪ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন সাজ্জাদুল ইসলাম। এ সময় তিনি পচা ও পরিত্যক্ত সবজি ব্যবহার করে জৈব পচনযোগ্য পলিথিন এবং কলাগাছের তন্তু কাজে লাগিয়ে ঢেউটিন, টাইলস ও পরিবেশবান্ধব বোর্ড তৈরির উদ্ভাবনী কার্যক্রম সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন। তার এই গবেষণা ও বাস্তবভিত্তিক উদ্ভাবন উপস্থিতদের দৃষ্টি আকর্ষণ করে।
প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ এই উদ্ভাবকের কাজের ভূয়সী প্রশংসা করেন এবং বলেন, পরিবেশবান্ধব প্রযুক্তি ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশীয় সম্পদ ব্যবহার করে এমন সৃজনশীল উদ্যোগ শুধু পরিবেশ রক্ষাই নয়, বরং অর্থনৈতিক সম্ভাবনাও সৃষ্টি করতে পারে।
তিনি সাজ্জাদুল ইসলামের গবেষণা কার্যক্রম আরও এগিয়ে নিতে উৎসাহ প্রদান করেন এবং সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন। একই সঙ্গে তিনি তরুণদের এমন উদ্ভাবনী কাজে এগিয়ে আসার আহ্বান জানান, যাতে বাংলাদেশ সবুজ প্রযুক্তির দিকে আরও দ্রুত অগ্রসর হতে পারে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই ধরনের উদ্ভাবন সফলভাবে বাস্তবায়ন করা গেলে একদিকে যেমন প্লাস্টিক দূষণ কমবে, অন্যদিকে স্থানীয়ভাবে সাশ্রয়ী ও পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী উৎপাদনের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
Leave a Reply