আন্তর্জাতিক ডেস্ক
ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশে একটি যোগাযোগ টাওয়ারে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মার্কিন একটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ইরানি গণমাধ্যম ফার্স নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে আইআরজিসি।
আইআরজিসির ভাষ্য অনুযায়ী, হরমোজগানের সিরিক দ্বীপে অবস্থিত একটি যোগাযোগ টাওয়ারে মার্কিন সেনাবাহিনীর হামলার প্রায় এক ঘণ্টার মধ্যেই পাল্টা অভিযান চালানো হয়। এতে আইআরজিসির মহাকাশ বাহিনী (অ্যারোস্পেস ফোর্স) ওই হামলার উৎসস্থল হিসেবে চিহ্নিত একটি মার্কিন বিমানঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
বিবৃতিতে আরও বলা হয়, “শত্রুপক্ষের আগ্রাসনের জবাবে আইআরজিসি অ্যারোস্পেস ফোর্স দ্রুত ও সুনির্দিষ্ট অভিযান পরিচালনা করে এবং পূর্বনির্ধারিত লক্ষ্যবস্তু সফলভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে।”
তবে হামলার শিকার মার্কিন বিমানঘাঁটির অবস্থান সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য প্রকাশ করেনি আইআরজিসি, যা নিয়ে আন্তর্জাতিক মহলে নানা প্রশ্ন ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এদিকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার ইঙ্গিত মিলেছে পার্শ্ববর্তী কুয়েতেও। স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, দেশটিতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয় এবং বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিশ্লেষকদের মতে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে নতুন ও আরও বিপজ্জনক পর্যায়ে নিয়ে যেতে পারে। পরিস্থিতি দ্রুত অবনতির আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা।
Leave a Reply