তিস্তা টিভি প্রতিবেদক
পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে আজ সোমবার (২৫ মে) থেকে সারা দেশে শুরু হয়েছে টানা সাত দিনের সরকারি ছুটি। এই ছুটি চলবে আগামী ৩১ মে পর্যন্ত। ফলে রোববার (২৪ মে) ছিল ঈদের আগে শেষ কর্মদিবস। দীর্ঘ এই ছুটি শেষে আগামী ১ জুন থেকে পুনরায় খুলবে সরকারি অফিস-আদালত।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বৃহস্পতিবার (২৮ মে) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। ঈদযাত্রা নির্বিঘ্ন করা এবং জনভোগান্তি কমাতে আগে থেকেই ছয় দিনের ছুটি নির্ধারণ করা হয়েছিল। পরবর্তীতে নির্বাহী আদেশে আরও একদিন ছুটি বাড়িয়ে মোট সাত দিনের টানা ছুটির ব্যবস্থা করা হয়।
ছুটির তালিকা অনুযায়ী, ২৬ ও ২৭ মে ঈদের আগের ছুটি এবং ২৯ থেকে ৩১ মে ঈদের পরের ছুটি হিসেবে নির্ধারিত রয়েছে। এর আগে গত শনিবার (২৩ মে) সাপ্তাহিক ছুটির দিনে সরকারি চাকরিজীবীরা অফিস করেছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জরুরি সেবাখাত এই ছুটির আওতার বাইরে থাকবে। বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা, ডাক ও টেলিযোগাযোগ এবং ইন্টারনেট সেবা সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্ব পালন করবেন।
এছাড়া হাসপাতাল ও স্বাস্থ্যসেবাসহ জরুরি চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক থাকবে। চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মীরা ছুটির আওতার বাইরে থাকবেন। একইভাবে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনকারী যানবাহনও চালু থাকবে।
ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে এবং আদালতের কার্যক্রম পরিচালনায় সুপ্রিম কোর্ট আলাদা নির্দেশনা দেবে বলে জানানো হয়েছে।
অন্যদিকে বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান ও কল-কারখানার ছুটি ঘোষণার ক্ষেত্রে ‘বাংলাদেশ শ্রম আইন, ২০০৬’ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply