তিস্তা টিভি ডেস্ক
রাজধানীর গুলিস্তান এলাকায় দায়িত্ব পালনের সময় সড়কের মাঝেই ধস্তাধস্তি ও হাতাহাতিতে জড়িয়ে পড়ার ঘটনায় দুই ট্রাফিক পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একইসঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের প্রক্রিয়াও শুরু হয়েছে।
শনিবার (২৩ মে) বিষয়টি নিশ্চিত করেন ডিএমপি ট্রাফিক মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মইনুল হক।
বরখাস্ত হওয়া দুই পুলিশ সদস্য হলেন—ট্রাফিক কনস্টেবল দিলীপ চন্দ্র ও নুরুজ্জামান।
ডিসি মইনুল হক জানান, সরকারি ইউনিফর্ম পরে দায়িত্ব পালনরত অবস্থায় সড়কের মাঝে এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, “ডিউটির সময় সহকর্মীদের মধ্যে মতবিরোধ বা কথা কাটাকাটি হতে পারে, তবে তা কখনোই হাতাহাতি বা শারীরিক সংঘাতে রূপ নিতে পারে না।”
তিনি আরও বলেন, প্রচণ্ড গরমে দীর্ঘসময় সড়কে দাঁড়িয়ে দায়িত্ব পালন করা কঠিন হলেও শৃঙ্খলা ভঙ্গ করে এমন আচরণ বরদাশত করা হবে না। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছ থেকে সর্বোচ্চ পেশাদার আচরণ প্রত্যাশা করা হয় বলেও মন্তব্য করেন তিনি।
ঘটনার বিবরণে জানা যায়, গত ২১ মে দুপুরে গুলিস্তানের জিপিও মোড় এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন ওই দুই সদস্য। সিগন্যাল চলাকালীন একটি গাড়ি নির্ধারিত নিয়ম না মেনে বেরিয়ে যাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয় এবং সড়কের মাঝেই ধস্তাধস্তির ঘটনা ঘটে।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়। এরপরই পুলিশ প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয়।
পুলিশ সূত্র জানায়, ঘটনার পরপরই দুইজনকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে সাময়িক বরখাস্ত করা হয়। পাশাপাশি পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে।
ডিএমপি জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে ট্রাফিক সদস্যদের আচরণ ও শৃঙ্খলা বিষয়ে আরও কঠোর নজরদারি ও প্রশিক্ষণ জোরদার করা হবে।
Leave a Reply