1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
May 23, 2026, 7:18 pm

নিষেধাজ্ঞা অমান্য করে আল-আকসায় ইহুদিদের প্রবেশের চেষ্টা

Reporter Name
  • Update Time : Saturday, May 23, 2026
  • 18 Time View

আন্তর্জাতিক ডেস্ক

ইহুদিদের ধর্মীয় উৎসব ‘শাভুওত’কে কেন্দ্র করে জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে সেখানে প্রবেশ করে ধর্মীয় আচার পালনের চেষ্টা করার অভিযোগে ১৩ জন ইহুদি তরুণকে গ্রেফতার করেছে ইসরাইলি পুলিশ। স্থানীয় সময় শুক্রবার (২২ মে) এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আটক ব্যক্তিরা নিরাপত্তা বেষ্টনী ভেঙে আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করে সেখানে ধর্মীয় রীতি পালনের উদ্দেশ্যে তৎপরতা চালায়। তবে পূর্ববর্তী কিছু ঘটনার মতো এবার কোনো পশু উৎসর্গের চেষ্টা হয়নি বলে জানিয়েছে ইসরাইলি সংবাদমাধ্যম ‘টাইমস অব ইসরাইল’।

অন্যদিকে ‘ওয়াইনেট’ জানিয়েছে, এবারের ঘটনায় অভিযুক্তরা পশুর পরিবর্তে সঙ্গে করে বড় আকারের রুটি নিয়ে এসেছিল, যা শাভুওত উৎসবের ঐতিহ্যবাহী রীতির সঙ্গে সম্পর্কিত। এই উৎসবে নতুন ফসলের গম থেকে তৈরি রুটি ধর্মীয় প্রতীক হিসেবে ব্যবহারের একটি প্রাচীন ঐতিহ্য রয়েছে।

ঐতিহাসিকভাবে প্রায় দুই হাজার বছর আগে রোমানদের হাতে ইহুদিদের দ্বিতীয় মন্দির ধ্বংস হওয়ার পর মূলধারার ইহুদি ধর্মে আল-আকসা এলাকায় কোনো ধরনের ধর্মীয় আচার বা উৎসর্গের প্রচলন নেই। তবে প্রতি বছরই কিছু কট্টরপন্থী গোষ্ঠী এই প্রাচীন রীতিকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করে থাকে এবং সেই উদ্দেশ্যে আল-আকসা প্রাঙ্গণে প্রবেশের চেষ্টা চালায়।

স্থানীয় পর্যবেক্ষকদের মতে, এই তরুণরা এমন একটি কট্টরপন্থী মতাদর্শিক গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত, যারা আল-আকসা মসজিদ ও ডোম অব দ্য রক এলাকায় একটি নতুন ইহুদি মন্দির নির্মাণের স্বপ্ন দেখে থাকে।

এর আগে চলতি মাসের শুরুতে ও এক মাস আগে আল-আকসা প্রাঙ্গণে ছাগল নিয়ে কোরবানির চেষ্টা করার অভিযোগে যথাক্রমে ১৪ ও ২১ জনকে গ্রেফতার করা হয়েছিল। ফলে ধারাবাহিকভাবে এ ধরনের ঘটনার কারণে এলাকায় উত্তেজনা বাড়ছে।

আল-আকসা মসজিদ মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান এবং একইসঙ্গে ইহুদিদের জন্যও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় এলাকা। তবে এখানে অমুসলিমদের জন্য প্রকাশ্যে প্রার্থনা বা কোনো ধরনের উৎসর্গ সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে।

এদিকে ইসরাইলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গিভির দীর্ঘদিন ধরে আল-আকসায় ইহুদিদের প্রার্থনার ওপর নিষেধাজ্ঞা শিথিলের পক্ষে অবস্থান নিয়ে বিতর্ক তৈরি করেছেন। তবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, আল-আকসা প্রাঙ্গণের বিদ্যমান স্থিতাবস্থায় কোনো পরিবর্তন আনা হয়নি।

অন্যদিকে ইসরাইলের মূলধারার অনেক ধর্মীয় নেতাও এ ধরনের কর্মকাণ্ডের বিরোধিতা করছেন। ওয়েস্টার্ন ওয়ালের প্রধান রাব্বি শ্মুয়েল রাবিনোভিচ আগেই বলেছেন, আল-আকসা প্রাঙ্গণে কোনো ধরনের উৎসর্গের চেষ্টা ধর্মীয় আইন ও সরকারি সিদ্ধান্তের পরিপন্থী এবং বেআইনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV