সিহাব হাচান শাসন স্ট্যাফ রিপোর্টারঃ
আসন্ন পবিত্র ঈদুল আজহা-২০২৬ উপলক্ষে নীলফামারীর ডোমার উপজেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভাতাভোগী সদস্য-সদস্যাদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মানবিক ও সামাজিক সহমর্মিতার অংশ হিসেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
সোমবার (১৯ মে) সকাল ১১টায় ডোমার উপজেলা আনসার-ভিডিপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ভাতাভোগী সদস্য-সদস্যাদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সোহেল রানা উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। এসময় উপজেলা প্রশিক্ষক রুবিনা-সহ স্থানীয় আনসার-ভিডিপির বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
উপহার সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল পোলাও চাল, লাচ্ছা সেমাই, সাধারণ সেমাই, গুড়ো দুধ, সুজি, নুডুলস, সয়াবিন তেল ও চিনি—যা ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলবে বলে জানান উপকারভোগীরা।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা কর্মকর্তা সোহেল রানা বলেন, “দেশের আইনশৃঙ্খলা রক্ষা, নির্বাচন, দুর্যোগ মোকাবিলা ও বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ কার্যক্রমে আনসার-ভিডিপি সদস্যরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। দেশের যেকোনো সংকটময় পরিস্থিতিতে তারা সাধারণ মানুষের পাশে দাঁড়ান। তাদের এই অবদানের স্বীকৃতি ও উৎসাহ দিতেই মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।”
তিনি আরও বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী শুধু নিরাপত্তা কার্যক্রমেই নয়, সামাজিক উন্নয়ন, মানবিক সহায়তা এবং স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও সদস্যদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ঈদ উপহার পেয়ে ভাতাভোগী সদস্য-সদস্যারা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এমন উদ্যোগ তাদের মাঝে উৎসাহ ও প্রেরণা জোগায় এবং বাহিনীর প্রতি আত্মবিশ্বাস আরও বৃদ্ধি করে।
Leave a Reply