জেলা প্রতিনিধি
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার (১৩ মে) সকাল ১০টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে দুই দিনব্যাপী এ নির্বাচনের প্রথম দিনের ভোটগ্রহণ শুরু হয়।
নির্বাচনে সভাপতি, সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির মোট ১৪টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত, তবে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত এক ঘণ্টার বিরতি থাকবে।
এবারের নির্বাচনে মোট ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটাধিকার প্রয়োগ করবেন সমিতির ১১ হাজার ৯৭ জন আইনজীবী সদস্য। নির্বাচনকে ঘিরে সকাল থেকেই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আইনজীবীদের উপস্থিতি ও উৎসাহ লক্ষ্য করা গেছে।
নির্বাচনে বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। সম্পাদক পদে রয়েছেন মোহাম্মদ আলী। এছাড়া সহ-সভাপতি, সহ-সম্পাদক ও সদস্য পদেও দলটির একাধিক প্রার্থী মাঠে রয়েছেন।
অন্যদিকে জামায়াতে ইসলামী সমর্থিত সবুজ প্যানেল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবদুল বাতেন। সম্পাদক পদে প্রার্থী হয়েছেন এ কে এম রেজাউল করিম খন্দকার। সদস্যসহ বিভিন্ন পদে পূর্ণ প্যানেল নিয়ে নির্বাচনে অংশ নিয়েছে দলটি।
এ ছাড়া এনসিপি সমর্থিত লাল-সবুজ প্যানেল থেকেও কয়েকটি গুরুত্বপূর্ণ পদে প্রার্থী দেওয়া হয়েছে। যদিও সভাপতি পদে কোনো প্রার্থী না দিলেও সম্পাদক ও সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মনোনীত প্রার্থীরা।
প্যানেলের বাইরে স্বতন্ত্রভাবেও কয়েকজন প্রার্থী সভাপতি, সম্পাদক ও সদস্য পদে নির্বাচন করছেন। ফলে এবারের নির্বাচনকে ঘিরে আইনজীবীদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।
নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে নির্বাচন উপকমিটি গঠন করা হয়েছে। নির্বাচন ঘিরে আদালতপাড়ায় নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, দেশের রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন প্রায়ই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে দেখা যায়। সে কারণে এবারের নির্বাচনও আইন অঙ্গনের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও বিশেষ গুরুত্ব পাচ্ছে।
Leave a Reply