1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
May 12, 2026, 11:19 am

ঢামেকে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের হেনস্তার প্রতিবাদে জলঢাকায় মানববন্ধন

Reporter Name
  • Update Time : Tuesday, May 12, 2026
  • 7 Time View

নিজস্ব প্রতিবেদক

নীলফামারীর জলঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক)-এ মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের হেনস্তার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ৪ মে ঢামেকে কয়েকজন ওষুধ কোম্পানির প্রতিনিধিকে “দালাল” আখ্যা দিয়ে আটক, অপমান এবং তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনার প্রতিবাদে সোমবার দুপুরে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ ফার্মাসিউটিকাল রিপ্রেজেন্টেটিভস অ্যালায়েন্স (ফারিয়া) জলঢাকা উপজেলা শাখা।

জলঢাকা শহরের প্রধান সড়কে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন ওষুধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা অংশ নেন। তারা ব্যানার, ফেস্টুন ও প্রতিবাদী স্লোগানের মাধ্যমে তাদের ক্ষোভ প্রকাশ করেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীদের ব্যানারে লেখা ছিল— “মেডিকেল রিপ্রেজেন্টেটিভগণ দালাল নয়, তারা দেশের সর্বোচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠীর অংশ” এবং “পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে”।

বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তারা চিকিৎসকদের কাছে নতুন ওষুধের তথ্য পৌঁছে দেওয়া, রোগীদের জন্য কার্যকর ও নিরাপদ চিকিৎসা নিশ্চিত করতে সহায়তা করা এবং ওষুধ শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। অথচ বিভিন্ন সময় হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে তাদের অপমান, হয়রানি এবং নিরাপত্তাহীন পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।

সমাবেশে বক্তারা আরও বলেন, একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ দীর্ঘ প্রশিক্ষণ ও দক্ষতার মাধ্যমে কাজ করেন। তাই তাদের “দালাল” হিসেবে আখ্যায়িত করা শুধু অপমানজনক নয়, এটি পুরো পেশাজীবী সমাজকে হেয় করার শামিল। তারা অবিলম্বে ঢামেকের ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা সতর্ক করে বলেন, পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা না হলে ভবিষ্যতে সারাদেশে আরও কঠোর আন্দোলন ও কর্মসূচি ঘোষণা করা হবে। কর্মসূচি শেষে তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ সমাবেশ সম্পন্ন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV