তিস্তা টিভি ডেস্ক
মৌসুমি বায়ুর সক্রিয় প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। আগামী ২৪ ঘণ্টায় দেশের পাঁচ বিভাগে ভারি থেকে অতিভারি বর্ষণের সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ ঝাড়খন্ড ও তৎসংলগ্ন ওড়িশা এলাকায় অবস্থানরত মৌসুমি স্থল নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল অবস্থায় বর্তমানে ভারতের পূর্ব মধ্যপ্রদেশ ও এর আশপাশের এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমি বায়ুর বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে ভারতের আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এসব আবহাওয়াগত পরিস্থিতির প্রভাবে দেশে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।
মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
এ সময় রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় ভারি থেকে অতিভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। ভারি বৃষ্টির কারণে কোথাও কোথাও সাময়িক জলাবদ্ধতা, নিচু এলাকায় পানি জমে যাওয়া এবং স্বাভাবিক জনজীবনে ভোগান্তি তৈরি হতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টিপাতের প্রভাবে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
এদিকে বুধবার (৮ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসেও একই ধরনের আবহাওয়া পরিস্থিতি অব্যাহত থাকার কথা বলা হয়েছে। রংপুর, ময়নসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের অনেক এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদরা বলছেন, বর্ষাকালে মৌসুমি বায়ুর সক্রিয়তা ও নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে এমন বৃষ্টিপাত স্বাভাবিক। তবে অতিভারি বৃষ্টির সময় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
Leave a Reply