দেশের ৯টি জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, কোথাও কোথাও ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া সর্বশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, এসব এলাকায় ঝড়ের গতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। ঝুঁকিপূর্ণ আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এ অবস্থায় নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্কভাবে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে, যাতে আকস্মিক ঝড়ো আবহাওয়ায় দুর্ঘটনার ঝুঁকি এড়ানো যায়। আবহাওয়াবিদরা বলছেন, দিনের শেষভাগে এই ধরনের আবহাওয়ার পরিবর্তন আরও সক্রিয় হতে পারে।
Leave a Reply