তিস্তা টিভি ডেস্ক
২০২৭ সালের হজ পালনে ইচ্ছুক বাংলাদেশি ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সৌদি আরবের নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে সব ধরনের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার (১ জুলাই) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ১ জুলাই থেকেই ২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। নির্ধারিত সময়সীমার মধ্যে নিবন্ধন সম্পন্ন করাই হবে হজযাত্রী নির্বাচনের গুরুত্বপূর্ণ ধাপ।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, সৌদি সরকারের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী হজ ব্যবস্থাপনার প্রতিটি ধাপ নির্ধারিত সময় অনুযায়ী সম্পন্ন করা হবে। আগ্রহী হজযাত্রীদের সময়মতো প্রাক-নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।
এর আগে গত ২৯ মে সৌদি আরবের জেদ্দায় এক অনুষ্ঠানে ২০২৭ সালের হজ ব্যবস্থাপনার পূর্ণ সময়সূচি ঘোষণা করে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়। ওই সময়সূচি বিভিন্ন দেশের ধর্ম বিষয়ক মন্ত্রীদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। সেখানে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড. আল হাসান বিন ইয়াহইয়া আল মানাখরাহ তার হাতে ২০২৭ সালের হজের বিস্তারিত রোডম্যাপ তুলে দেন।
ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, ২৬ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করতে হবে। এরপর ৮ নভেম্বর স্বাক্ষরিত হবে দ্বিপাক্ষিক হজ চুক্তি। ২০২৭ সালের ২৮ জানুয়ারি থেকে শুরু হবে হজ ভিসা ইস্যু কার্যক্রম এবং ৮ এপ্রিল থেকে শুরু হবে হজ ফ্লাইট পরিচালনা।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৫ মে (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে বলে রোডম্যাপে উল্লেখ করা হয়েছে।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়সূচি মেনে পুরো হজ ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে।
Leave a Reply