1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
June 30, 2026, 7:12 pm

আজ দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা

Reporter Name
  • Update Time : Monday, June 29, 2026
  • 19 Time View

তিস্তা টিভি ডেস্ক

দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুমি বায়ুর প্রভাবে সোমবার (২৯ জুন) দুপুরের মধ্যেই ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে ১১ জেলার নদীবন্দরের জন্য ১ নম্বর সতর্ক সংকেত জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের চার বিভাগে মাঝারি থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

সোমবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত বিশেষ আবহাওয়া বুলেটিনে জানানো হয়, রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে রোববার রাতে প্রকাশিত ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। পাশাপাশি রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগেরও কিছু কিছু স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শুধু বৃষ্টিই নয়, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কয়েকটি স্থানে মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে পাহাড়ি এলাকায় ভূমিধস এবং নিচু এলাকায় জলাবদ্ধতার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এ ছাড়া চলমান মৃদু তাপপ্রবাহেরও কিছুটা অবসান ঘটতে পারে। বর্তমানে ঢাকা, টাঙ্গাইল, রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ দেশের কিছু এলাকায় প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সার্বিকভাবে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই এবং তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV