নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর:
ভোক্তাদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ, বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা প্রতিষ্ঠা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর নবগঠিত উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুন) বিকেল ৩টায় চরভদ্রাসন উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে আয়োজিত এ সভায় প্রশাসনের কর্মকর্তা, ক্যাবের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুরাইয়া মমতাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অংমাচিং মারমা, মোহাম্মদ আনোয়ার হোসেন, অধ্যাপক তারেক আইয়ুব খাঁন এবং সৈয়দ নাজমুল আলম পারভেজ।
সভায় সভাপতিত্ব করেন লিয়াকত আলী লাভলু এবং অনুষ্ঠান পরিচালনা করেন আহম্মাদ আল ইভান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, খাদ্যে ভেজাল, ওজনে কারচুপি, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং ভোক্তা হয়রানির মতো নানা সমস্যা সাধারণ মানুষের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এসব অনিয়ম প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোর সক্রিয় ভূমিকা প্রয়োজন।
বক্তারা আরও বলেন, ক্যাব দীর্ঘদিন ধরে ভোক্তা অধিকার রক্ষায় দেশের বিভিন্ন এলাকায় কাজ করে আসছে। চরভদ্রাসন উপজেলা শাখার নবগঠিত কমিটি স্থানীয় পর্যায়ে ভোক্তাদের অধিকার প্রতিষ্ঠায় সচেতনতা কার্যক্রম জোরদার করবে। পাশাপাশি বাজার মনিটরিং, ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়, সচেতনতামূলক সভা-সেমিনার এবং অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির বিষয়ে কার্যকর ভূমিকা পালন করবে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ বলেন, “ভোক্তাদের সচেতনতা বৃদ্ধি ছাড়া একটি সুষ্ঠু ও জবাবদিহিমূলক বাজার ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়। ক্যাব যদি প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করে, তাহলে বাজারে অনিয়ম অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে।”
ক্যাব নেতৃবৃন্দ জানান, নবগঠিত কমিটির মাধ্যমে উপজেলার বিভিন্ন হাট-বাজারে নিয়মিত সচেতনতামূলক প্রচারণা চালানো হবে। দোকানে মূল্যতালিকা টানানো নিশ্চিত করা, ট্রেড লাইসেন্স নবায়নে উদ্বুদ্ধ করা, খাদ্যপণ্যের মান যাচাই, বাজারে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করা এবং ভেজালবিরোধী কার্যক্রমে সাধারণ মানুষকে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে।
এ সময় ক্যাব ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি এস.এম. মনিরুজ্জামান মনির, ট্রেজারার রবিউল হাসান (রাজিব), পৌর শাখার সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, নির্বাহী সদস্য মোহাম্মদ আহাদ মিয়া, মোহাম্মদ মোস্তফা কবির, তৌহিদুল ইসলাম তুহিন, শাহাদাত হোসেন, শেখ সুলাইমান, আমির হোসেন, এম.এম. সাইফুর রহমান উজ্জ্বলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply