রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ বুধবার (১৩ মে) বজ্রবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকাল ৭টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের এলাকায় দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং কোথাও কোথাও দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদদের মতে, দিনের তাপমাত্রা সামান্য কমলেও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিনের তুলনায় কিছুটা বেশি।
শুধু রাজধানী নয়, দেশের আরও কয়েকটি অঞ্চলেও কালবৈশাখী ঝড়ের শঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ী দমকা কিংবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে।
এ সময় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য দুর্যোগের কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আবহাওয়া বিশ্লেষকরা বলছেন, গরম ও আর্দ্র আবহাওয়ার সঙ্গে বঙ্গোপসাগর থেকে আসা জলীয়বাষ্পের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় কালবৈশাখী পরিস্থিতি তৈরি হচ্ছে। বিশেষ করে বিকেল ও সন্ধ্যার দিকে বজ্রপাতের ঝুঁকি বাড়তে পারে।
এ অবস্থায় খোলা স্থানে অবস্থান না করা, নৌযান চলাচলে সতর্ক থাকা এবং বজ্রপাতের সময় গাছের নিচে আশ্রয় না নেওয়ার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
Leave a Reply