তিস্তা নিউজ ডেস্ক
দেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ও মানোন্নয়নের লক্ষ্যে জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে ব্যয় করার পরিকল্পনা নিয়েছে সরকার বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বৃহস্পতিবার (৭ মে) সকালে রাজধানীর হোটেল শেরাটনে ইউনিসেফ আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে শিক্ষা খাতে পর্যাপ্ত বিনিয়োগ নিশ্চিত করা এখন সরকারের অগ্রাধিকার।
মন্ত্রী বলেন, “শিক্ষা খাতের কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে মোট জিডিপির ৫ শতাংশ পর্যন্ত ব্যয় করতে সরকার প্রস্তুত। দক্ষ মানবসম্পদ তৈরি ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।”
তিনি আরও উল্লেখ করেন, বিগত সময়ে শিক্ষা খাতে বিনিয়োগ কখনোই দেড় শতাংশের বেশি হয়নি, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল ছিল। সেই সীমাবদ্ধতা কাটিয়ে উঠতেই বর্তমান সরকার শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নিয়েছে।
ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক দক্ষতা বৃদ্ধিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে। ডিজিটাল শিক্ষাব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, “আগের সরকার ডিজিটাল ক্লাসরুম বাস্তবায়নে কাঙ্ক্ষিত অগ্রগতি আনতে ব্যর্থ হয়েছিল। বর্তমানে সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে ইন্টারেক্টিভ ডিজিটাল ক্লাসরুম চালুর দিকে এগোচ্ছে।”
তিনি আরও জানান, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে শিক্ষাকে আরও আকর্ষণীয় ও কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে শিক্ষার্থীরা বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে পারে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. মাহদী আমিন। তিনি বলেন, শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে কাঠামোগত সংস্কার জরুরি। একই সঙ্গে শিক্ষকতা পেশার মর্যাদা ও সামাজিক অবস্থান উন্নত করতে হবে, যাতে মেধাবী তরুণরা এই পেশাকে প্রথম পছন্দ হিসেবে গ্রহণ করে।
অনুষ্ঠানে ইউনিসেফের প্রতিনিধিরা বলেন, বাংলাদেশে শিক্ষার অগ্রগতিতে বিনিয়োগ বৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা প্রাথমিক শিক্ষা, ডিজিটাল লার্নিং এবং শিক্ষক প্রশিক্ষণে আরও সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষজ্ঞরা মনে করেন, শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বিনিয়োগ বাস্তবায়িত হলে দেশের মানবসম্পদ উন্নয়ন, দারিদ্র্য হ্রাস এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়বে।
Leave a Reply