1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
April 29, 2026, 11:23 am

শিক্ষার্থীরা কবে থেকে বিনামূল্যে ড্রেস-ব্যাগ পাবে? জানালেন শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : Wednesday, April 29, 2026
  • 23 Time View

তিস্তা নিউজ ডেস্ক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বড় ধরনের সামাজিক সহায়তা কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, আগামী জুলাই মাস থেকে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিনামূল্যে ড্রেস, ব্যাগ ও জুতা পাবে।

বুধবার (২৯ এপ্রিল) সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। সভা শেষে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের শীর্ষ ব্যবসায়ী ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এ ঘোষণা আসে।

শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিকভাবে পাইলট প্রকল্প হিসেবে প্রতি উপজেলায় দুটি করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই সুবিধা চালু করা হবে। পরে ধাপে ধাপে এটি দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সম্প্রসারণ করা হবে।

তিনি আরও জানান, বিশেষজ্ঞ টিমের মাধ্যমে ড্রেস ও ব্যাগের ডিজাইন ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। বিজিএমইএ-এর পক্ষ থেকে প্রাথমিকভাবে প্রায় এক লাখ শিক্ষার্থীর জন্য ড্রেস, ব্যাগ ও জুতা প্রদানের প্রতিশ্রুতি পাওয়া গেছে।

সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিনসহ সরকারি ও বেসরকারি পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি (CSR) উদ্যোগের আওতায় দেশের অনেক উদ্যোক্তা ইতোমধ্যে এই কর্মসূচিতে যুক্ত হওয়ার আগ্রহ দেখিয়েছেন। চলতি বছর এটি পাইলট আকারে শুরু হলেও আগামী অর্থবছরে আরও বড় পরিসরে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

তিনি আরও জানান, ভবিষ্যতে প্রতিটি উপজেলার প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একক ডিজাইন ও নির্দিষ্ট রঙের ড্রেস, ব্যাগ ও জুতা সরবরাহ করা হবে। এতে সারাদেশে শিক্ষার্থীদের মধ্যে সমতা, শৃঙ্খলা ও অভিন্ন পরিচয়ের বার্তা প্রতিষ্ঠিত হবে।

সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে। বই, পোশাক, খাবারসহ প্রয়োজনীয় সহায়তা ধাপে ধাপে রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে, যা শিক্ষার অধিকার বাস্তবায়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV