তিস্তা নিউজ ডেস্ক
এসএসসি পরীক্ষার্থীদের জন্য ক্যালকুলেটর ও হাতঘড়ি ব্যবহারে নতুন নির্দেশনা জারি করেছে ঢাকা শিক্ষা বোর্ড। বুধবার (২২ এপ্রিল) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, এসএসসি পরীক্ষায় পরীক্ষার্থীরা নির্দিষ্ট কিছু সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। অনুমোদিত মডেলগুলো হলো—Fx-82MS, Fx-100MS, Fx-570MS, Fx-991MS, Fx-991EX, Fx-991ES, Fx-991ES Plus এবং Fx-991CW। এসব মডেলের পাশাপাশি একই ধরনের অন্যান্য নন-প্রোগ্রামেবল সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটরও ব্যবহার করা যাবে।
এতে আরও স্পষ্ট করা হয়েছে যে, পরীক্ষার হলে কোনো প্রোগ্রামেবল, গ্রাফিক্যাল বা স্মার্ট ক্যালকুলেটর ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। পরীক্ষার্থীদের অবশ্যই সাধারণ ফাংশনের সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে হবে, যাতে কোনো ধরনের মেমোরি বা প্রোগ্রাম সংরক্ষণের সুবিধা না থাকে।
হাতঘড়ি ব্যবহারের ক্ষেত্রেও নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষার্থীরা কেবল কাঁটাযুক্ত (অ্যানালগ) হাতঘড়ি ব্যবহার করতে পারবে। ডিজিটাল, স্মার্টওয়াচ বা ব্লুটুথ/ইন্টারনেট সংযুক্ত কোনো ধরনের ঘড়ি পরীক্ষার হলে বহন করা যাবে না।
শিক্ষা বোর্ড আরও জানিয়েছে, পরীক্ষার স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে এসব নিয়ম কঠোরভাবে অনুসরণ করতে হবে। কোনো পরীক্ষার্থী নির্দেশনা ভঙ্গ করলে প্রচলিত নিয়ম অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply