ডেস্ক রিপোর্ট
মার্কিন সাময়িকী Time Magazine প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও Bangladesh Nationalist Party (বিএনপি) চেয়ারপারসন তারেক রহমান। বুধবার ২০২৬ সালের এ তালিকা প্রকাশ করে টাইম, যেখানে Donald Trump, Mark Carney, Zohran Mamdaniসহ আরও অনেক প্রভাবশালী ব্যক্তির নামের পাশাপাশি তারেক রহমানের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে।
টাইম ম্যাগাজিনে তারেক রহমানকে নিয়ে মুখবন্ধ লিখেছেন সিঙ্গাপুর ব্যুরো অফিসের সম্পাদক ও ভূ-রাজনীতি বিশ্লেষক Charlie Campbell। সেখানে উল্লেখ করা হয়, কিছু মাস আগেও তারেক রহমান লন্ডনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শান্ত ও সবুজ পরিবেশে নির্বাসিত জীবন কাটাচ্ছিলেন; তবে ২০২৪ সালে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর তার রাজনৈতিক ভাগ্য নাটকীয়ভাবে বদলে যায়। বিরোধী রাজনীতিক থেকে তিনি পরিণত হন সম্ভাব্য রাষ্ট্রনায়কে, এবং দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবনের পর নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভ করে দেশে নেতৃত্বে আসেন।
মুখবন্ধে আরও বলা হয়, এই বিজয়ের মাধ্যমে তিনি তার মা খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরসূরি হিসেবে আবির্ভূত হন, যিনি ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। নির্বাচনের পর তারেক রহমান দেশে ফিরলেও কয়েক দিনের মধ্যেই পারিবারিক শোকের সম্মুখীন হন, যা তার ব্যক্তিগত জীবনকে গভীরভাবে প্রভাবিত করে। জানুয়ারিতে টাইম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, এই শোককে শক্তিতে রূপান্তর করে তিনি দেশের ১৭ কোটি মানুষের ঐক্য গড়ে তোলার পাশাপাশি অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চান।
টাইমের প্রতিবেদনে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির কথাও উঠে আসে, যেখানে উচ্চ মুদ্রাস্ফীতি, তরুণদের বেকারত্ব এবং আঞ্চলিক পরাশক্তি ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করা হয়েছে। এসব সংকট দ্রুত সমাধানের প্রয়োজনীয়তার কথাও বলা হয়।
এছাড়া তারেক রহমান সম্পর্কে টাইম ম্যাগাজিন মন্তব্য করে যে, অতীতের দুর্নীতির অভিযোগ (যদিও আদালত থেকে তিনি খালাস পেয়েছেন) তার নতুন রাজনৈতিক যাত্রাকে কিছুটা প্রভাবিত করতে পারে; তবে দীর্ঘ প্রবাস জীবনের পর তিনি এখন সময় নষ্ট করতে চান না এবং ঐক্যের মাধ্যমে দেশের মানুষের রাজনৈতিক অধিকার ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে চান।
Leave a Reply