তিস্তা টিভি ডেস্কঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত সহকারী চিকিৎসক হিসেবে প্রেষণে নিয়োগ পেয়েছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) যুগ্ম মহাসচিব ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। এ সংক্রান্ত প্রজ্ঞাপন বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ডা. মনোয়ারুল কাদির বিটু প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী ব্যক্তিগত চিকিৎসক হিসেবে প্রেষণে দায়িত্ব পালন করবেন। নতুন দায়িত্বে যোগদানের দিন থেকেই তিনি এ পদে কার্যভার গ্রহণ করবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
ডা. মনোয়ারুল কাদির বিটু দেশের একজন পরিচিত হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে চিকিৎসা পেশায় দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি তিনি চিকিৎসকদের পেশাগত সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে (ড্যাব) যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
তার নিয়োগের মাধ্যমে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসা সেবা ব্যবস্থাপনায় আরও দক্ষতা ও পেশাদারিত্ব নিশ্চিত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। চিকিৎসা শিক্ষা, গবেষণা ও সাংগঠনিক কার্যক্রমে তার অভিজ্ঞতা নতুন দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী চিকিৎসক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি তার মূল পদে বহাল থেকে প্রেষণ শর্ত অনুযায়ী দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
Leave a Reply